সাধু ও চলিত ভাষা ICSE Class 9 Notes (পরীক্ষায় যে ভাবে প্রশ্ন আসে)|Practice Set
বাংলা ভাষার দুটি প্রচলিত রূপ হল সাধু ভাষা ও চলিত ভাষা। ICSE Class 9 Bengali পরীক্ষায় সাধু ভাষাকে চলিত ভাষায় অথবা চলিত ভাষাকে সাধু ভাষায় পরিবর্তন করতে দেওয়া হতে পারে। তাই কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ ও ক্রিয়ার রূপ ভালোভাবে মনে রাখলে এই অংশটি সহজেই করা যায়। তাই ছাত্রছাত্রীদের জন্য রইল সাধু ও চলিত ভাষা ICSE Class 9 অধ্যায় (বিস্তারিত এবং ৫০+ উদাহরণ-সহ)। সঙ্গে বাড়তি পাওনা Practice Set যা শেষে দেওয়া আছে।
সাধু ও চলিত ভাষা ICSE Class 9: সাধু ও চলিত ভাষা কাকে বলে?
যে ভাষার রূপে ক্রিয়াপদ ও সর্বনামের তুলনামূলকভাবে দীর্ঘ রূপ ব্যবহৃত হয়, তাকে সাধু ভাষা বলা হয়। যেমন— করিয়া, হইয়া, তাহার, যাহা, কেহ, গৃহ ইত্যাদি।
অন্যদিকে, দৈনন্দিন কথাবার্তা ও লেখালিখিতে যে সহজ রূপের বাংলা ভাষা ব্যবহার করা হয়, তাকে চলিত ভাষা বলা হয়। যেমন— করে, হয়ে, তার, যা, কেউ, ঘর ইত্যাদি।
সাধু ও চলিত ভাষার উদাহরণ
| সাধু ভাষা | চলিত ভাষা |
| হইয়া | হয়ে |
| করিয়া | করে |
| পাইয়া | পেয়ে |
| দেখিয়া | দেখে |
| ফিরিয়া | ফিরে |
| তাহার | তার |
| তাহা | তা |
| যাহা | যা |
| যাহার | যার |
| কাহার | কার |
| কেহ | কেউ |
| নহি | নই |
| নহিলে | নইলে |
| গৃহ | ঘর |
| অদ্য | আজ |
| কল্য | কাল |
| অকস্মাৎ | হঠাৎ |
সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর: মূল নিয়ম
সাধু ভাষাকে চলিত ভাষায় পরিবর্তন করার সময় শুধু একটি-দুটি শব্দ বদলালেই হবে না। ক্রিয়াপদ, সর্বনাম এবং কিছু সাধু শব্দের চলিত রূপও খেয়াল করতে হবে।
১. ক্রিয়াপদের পরিবর্তন
সাধু ভাষায় ব্যবহৃত হইয়া, করিয়া, পাইয়া, দেখিয়া, ফিরিয়া, যাইতে ইত্যাদির চলিত রূপ হয় হয়ে, করে, পেয়ে, দেখে, ফিরে, যেতে।
উদাহরণ:
সাধু: সে বিদ্যালয় হইতে ফিরিয়া গৃহে গেল।
চলিত: সে বিদ্যালয় থেকে ফিরে বাড়িতে গেল।
২. সর্বনামের পরিবর্তন
সাধু ভাষার তাহা, তাহার, যাহা, যাহার, কাহার, কেহ ইত্যাদি শব্দ চলিত ভাষায় যথাক্রমে তা, তার, যা, যার, কার, কেউ হয়।
উদাহরণ:
সাধু: যাহার পরিশ্রম আছে তাহার সাফল্য আসিবেই।
চলিত: যার পরিশ্রম আছে তার সাফল্য আসবেই।
৩. সাধু শব্দের সহজ চলিত রূপ
অনেক সাধু শব্দের পরিবর্তে চলিত ভাষায় সহজ শব্দ ব্যবহার করা হয়।
যেমন—
গৃহ → ঘর
স্বর্ণ → সোনা
রৌপ্য → রুপো
নাসিকা → নাক
কর্ণ → কান
লোচন → চোখ
ললাট → কপাল
মস্তক → মাথা
হস্ত → হাত
পদ → পা
বক্ষ → বুক
গলদেশ → গলা
বারি → জল
সম্মুখে → সামনে
সমীপে → কাছে
সন্নিধানে → কাছে
ক্রয় → কেনা
বিক্রয় → বিক্রি
অদ্য → আজ
কল্য → কাল
অকস্মাৎ → হঠাৎ
অপরাহ্ন → বিকেল

কোন শব্দ বদলাবে, আর কোন শব্দ বদলাবে না?
সাধু থেকে চলিত করার সময় একটি সাধারণ ভুল হল বাক্যের প্রতিটি শব্দকে বদলে ফেলার চেষ্টা করা। আসলে সব শব্দের পরিবর্তন দরকার হয় না।
প্রথমে যে জায়গাগুলিতে পরিবর্তন করা প্রয়োজন সেগুলি খুঁজে নাও—
- ক্রিয়াপদ: হইয়া → হয়ে, করিয়া → করে
- সর্বনাম: তাহার → তার, যাহা → যা
- বিশেষ কিছু সাধু শব্দ: গৃহ → ঘর, অদ্য → আজ
- বাক্যের প্রয়োজন অনুযায়ী কিছু শব্দের সহজ চলিত রূপ বসাতে হবে।
কিন্তু বাক্যের এমন অনেক শব্দ আছে যেগুলি সাধু ও চলিত—দুই রূপেই একই থাকতে পারে। তাই শুধু মুখস্থ তালিকা দেখে প্রতিটি শব্দ বদলানো ঠিক নয়। পুরো বাক্যটি পড়ে অর্থ ঠিক আছে কি না সেটিও দেখতে হবে।
ব্যাকরণের আরও নোটস দেখুন
সাধু ও চলিত ভাষা ICSE Class 9: গুরুত্বপূর্ণ সাধু-চলিত শব্দের তালিকা
| সাধু ভাষা | চলিত ভাষা |
| ইহা | এ / এটা |
| ইহার | এর / এটার |
| উহার | ওর |
| তাহা | তা |
| তাহার | তার |
| যাহা | যা |
| যাহার | যার |
| কাহার | কার |
| কেহ | কেউ |
| কাহারও | কারও |
| নহি | নই |
| নহিলে | নইলে |
| নচেৎ | নইলে |
| তদনুরূপ | সেই রকম |
| তদুপরি | তার উপরে |
| অনন্তর | তারপর |
| অন্যত্র | অন্যখানে |
| প্রায়শ | প্রায়ই |
| কিঞ্চিৎমাত্র | কিছুমাত্র |
| তন্নিমিত্ত | তার জন্য |
| অধ্যয়ন করিতেছে | পড়ছে |
| ভ্রমণ করিতে | বেড়াতে |
| সৌধ | দালান |
| নক্ষত্র | তারা |
| নক্ষত্রখচিত | তারায় ঢাকা |
সাধু ও চলিত ভাষার পার্থক্য উদাহরণ-সহ: ICSE পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ
উদাহরণ ১ — ICSE 2010
সাধু ভাষা: মাতার অসুস্থতার সংবাদ পাইয়া পুত্র বিদ্যালয় হইতে দ্রুতপদে গৃহের অভিমুখে যাইতে লাগিল।
চলিত ভাষা: মায়ের অসুস্থতার খবর পেয়ে ছেলে বিদ্যালয় থেকে দ্রুতপায়ে বাড়ির দিকে যেতে লাগল।
যে পরিবর্তনগুলি লক্ষ্য করবে:
মাতার → মায়ের, সংবাদ → খবর, পাইয়া → পেয়ে, হইতে → থেকে, গৃহ → বাড়ি, যাইতে → যেতে।
উদাহরণ ২ — ICSE 2012
সাধু ভাষা: দুর্গাপূজার দিনে মধু ও বিধু নববস্ত্র পড়িয়া ঘুরিয়া বেড়াইতেছে।
চলিত ভাষা: দুর্গাপুজোর দিনে মধু ও বিধু নতুন কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে।
এখানে নববস্ত্র → নতুন কাপড়, পড়িয়া → পরে, ঘুরিয়া → ঘুরে, বেড়াইতেছে → বেড়াচ্ছে হয়েছে।
উদাহরণ ৩ — ICSE 2013
সাধু ভাষা: সূর্যালোকে বরফাবৃত পর্বতশৃঙ্গগুলি স্বর্ণের ন্যায় ঝলমল করিয়া উঠিল।
চলিত ভাষা: সূর্যের আলোয় বরফে ঢাকা পর্বতশৃঙ্গগুলি সোনার মতো ঝলমল করে উঠল।
উদাহরণ ৪ — ICSE 2015
সাধু ভাষা: সে আহত হইয়া ভূতলে পড়িয়া তৎক্ষণাৎ প্রাণত্যাগ করিল।
চলিত ভাষা: সে আহত হয়ে মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে মারা গেল।
এখানে শুধু হইয়া → হয়ে বা পড়িয়া → পড়ে নয়; ভূতলে → মাটিতে এবং প্রাণত্যাগ করিল → মারা গেল-এর মতো পরিবর্তনও হয়েছে।
উদাহরণ ৫ — ICSE 2017
সাধু ভাষা: সেই লোকই নিজের জীবনকে সুন্দর করিতে পারিয়াছে যে তাহাকে সংযত করিয়াছে।
চলিত ভাষা: সেই লোকই নিজের জীবনকে সুন্দর করতে পেরেছে যে তাকে সংযত করেছে।
উদাহরণ ৬ — ICSE 2020
সাধু ভাষা: আকস্মিক দুঃসংবাদ পাইয়া রামবাবু প্রস্তরের ন্যায় দাঁড়াইয়া রহিলেন।
চলিত ভাষা: হঠাৎ দুঃসংবাদ পেয়ে রামবাবু পাথরের মতো দাঁড়িয়ে রইলেন।
এখানে আকস্মিক → হঠাৎ, পাইয়া → পেয়ে, প্রস্তরের ন্যায় → পাথরের মতো, দাঁড়াইয়া রহিলেন → দাঁড়িয়ে রইলেন হয়েছে।
সেরা গল্পের সেরা নোটস
সাধু ও চলিত ভাষা ICSE Class 9: ৩০ সেকেন্ডের সাধু-চলিত Conversion Trick
পরীক্ষার হলে পুরো বাক্য দেখে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। এই চারটি ধাপে কাজ করতে পারো।
ধাপ ১: প্রথমে ক্রিয়াপদ খুঁজে বের করো।
হইয়া, করিয়া, পাইয়া, দেখিয়া, যাইতে, রহিল ইত্যাদি আগে পরিবর্তন করো।
ধাপ ২: এরপর সর্বনাম দেখো।
তাহার, তাহা, যাহা, যাহার, কাহার, কেহ ইত্যাদি বদলাও।
ধাপ ৩: কঠিন সাধু শব্দ খুঁজে বের করো।
গৃহ, অদ্য, কল্য, অকস্মাৎ, স্বর্ণ, নাসিকা ইত্যাদির সহজ রূপ বসাও।
ধাপ ৪: শেষে পুরো বাক্যটি একবার পড়ে নাও।
কোথাও সাধু ও চলিত রূপ মিশে রইল কি না এবং বাক্যের অর্থ ঠিক আছে কি না দেখে নাও।
সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর Worksheet
১. বালকটি বিদ্যালয় হইতে ফিরিয়া গৃহে প্রবেশ করিল।
বালকটি বিদ্যালয় থেকে ফিরে বাড়িতে প্রবেশ করল।
২. অদ্য তাহার সহিত আমার সাক্ষাৎ হইল।
আজ তার সঙ্গে আমার সাক্ষাৎ হল।
৩. যাহারা পরিশ্রম করিতেছে তাহারাই ভবিষ্যতে সফল হইবে।
যারা পরিশ্রম করছে তারাই ভবিষ্যতে সফল হবে।
৪. সে পত্র লিখিয়া পিতার নিকট সংবাদ পাঠাইল।
সে চিঠি লিখে বাবার কাছে খবর পাঠাল।
৫. আকস্মাৎ প্রবল বৃষ্টি হইয়া পথঘাট জলমগ্ন হইয়া গেল।
হঠাৎ প্রবল বৃষ্টি হয়ে পথঘাট জলমগ্ন হয়ে গেল।
৬. কেহ তাহার সহিত এই বিষয়ে আলোচনা করিল না।
কেউ তার সঙ্গে এই বিষয়ে আলোচনা করল না।
৭. অপরাহ্নে বালক-বালিকারা নানাবিধ খেলাধুলায় মাতিয়া উঠিল।
বিকেলে বালক-বালিকারা নানারকম খেলাধুলায় মেতে উঠল।
৮. পথিকটি গৃহের সম্মুখে দাঁড়াইয়া রহিল।
পথিকটি বাড়ির সামনে দাঁড়িয়ে রইল।
পরীক্ষার আগে শেষবার যা মনে রাখবে সাধু-চলিত ভাষা পরিবর্তনের সময় প্রথমে ক্রিয়াপদ, তারপর সর্বনাম, তারপর গুরুত্বপূর্ণ সাধু শব্দগুলির দিকে নজর দাও। শুধু আলাদা আলাদা শব্দ মুখস্থ না করে সম্পূর্ণ বাক্য অনুশীলন করলে এই অংশটি অনেক সহজ হবে।
🔗 আরও বাংলা ব্যাকরণ অনুশীলন করুন
সাধু ও চলিত ভাষার নিয়মগুলি ভালোভাবে বোঝার পর এবার বাংলা ব্যাকরণের অন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিও দেখে নাও। বাক্য পরিবর্তন অধ্যায়ে নিয়ম ও গুরুত্বপূর্ণ উদাহরণের পাশাপাশি অনুশীলনের সুযোগ রয়েছে। আর পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে গুছিয়ে নিতে দেখে নিতে পারো আমাদের ICSE Bengali Grammar 2027 One Shot Guide।
👉 বাক্য পরিবর্তন: সাধু-চলিতের পাশাপাশি বাক্যের রূপ পরিবর্তনের নিয়ম ও ৩০+ গুরুত্বপূর্ণ উদাহরণ অনুশীলন করো।
👉 ICSE Bengali Grammar 2027: বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রয়োজনীয় নোটস ও MCQ এক জায়গায় দেখে নাও।
👉 Grammar Practice: শুধু পড়ে নয়, বিভিন্ন অধ্যায়ের Practice Set দিয়ে নিজের প্রস্তুতিও যাচাই করো।

One Comment