বাচ্য পরিবর্তন: সহজ নিয়ম, ৩০+ উদাহরণ ও Practice Set | ICSE Class 9 Bengali
বাংলা ব্যাকরণে বাচ্য এমন একটি বিষয়, যেখানে বাক্যে কর্তা, কর্ম এবং ক্রিয়ার মধ্যে কোনটি বেশি প্রাধান্য পাচ্ছে, তা বোঝা যায়। একই ভাবকে কখনও কর্তার দিকে গুরুত্ব দিয়ে, আবার কখনও কর্ম বা কাজের দিকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা যায়। এই পরিবর্তনের ফলে বাক্যের গঠনও বদলে যায়। এই অধ্যায়ে আমরা বাচ্য কী, কত প্রকার জানার সঙ্হগে ICSE Class 9 Bengali-এর বাচ্য পরিবর্তন সংক্রান্ত নানা বিধি-নিয়ম।
যেমন—
আমি বইটি পড়ব না।
আমার দ্বারা বইটি পড়া হবে না।
প্রথম বাক্যে ‘আমি’ কর্তা এবং তার কাজটিই প্রধান হয়ে উঠেছে। দ্বিতীয় বাক্যে কর্তা গৌণ; ‘বইটি পড়া’ কাজটির ওপর বেশি গুরুত্ব পড়েছে।
এই কর্তা, কর্ম ও ক্রিয়ার প্রাধান্য অনুসারে বাক্যের যে রূপভেদ হয়, তাকে বাচ্য বলে।
বাচ্য কত প্রকার?
বাংলা ব্যাকরণে বাচ্য প্রধানত চার প্রকার—
- কর্তৃবাচ্য
- কর্মবাচ্য
- ভাববাচ্য
- কর্মকর্তৃবাচ্য
১. কর্তৃবাচ্য
যে বাক্যে কর্তা প্রধান এবং কর্তা নিজেই কাজটি করে, তাকে কর্তৃবাচ্য বলে।
উদাহরণ:
আমি ফুটবল খেলি।
এখানে ‘আমি’ কর্তা এবং ‘খেলি’ ক্রিয়ার কাজটি কর্তা নিজেই করছে। তাই এটি কর্তৃবাচ্য।
আরও সহজভাবে মনে রাখো—
কর্তা নিজে কাজ করছে → কর্তৃবাচ্য
২. কর্মবাচ্য
যে বাক্যে কর্ম প্রধান হয় এবং কর্তার দ্বারা কাজটি সম্পন্ন হওয়া বোঝায়, তাকে কর্মবাচ্য বলে।
উদাহরণ:
আমার দ্বারা ফুটবল খেলা হয়।
এখানে ‘আমি’ বা ‘আমার’ কর্তা হিসেবে গৌণ। বরং ফুটবল খেলা কাজটির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
কর্মবাচ্যে অনেক সময় দ্বারা, কর্তৃক ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়। তবে সব ক্ষেত্রেই এগুলি থাকতেই হবে এমন নয়।
যেমন:
আমি বইটি পড়েছি।
→ বইটি আমার পড়া হয়েছে।
৩. ভাববাচ্য
যে বাক্যে কর্তার তুলনায় কাজটি হওয়া বা ক্রিয়ার ভাব বেশি গুরুত্বপূর্ণ এবং কর্তা গৌণ থাকে, তাকে ভাববাচ্য বলে।
উদাহরণ:
আমার খাওয়া হয়েছে।
এখানে ‘আমার’ কর্তা হলেও মূল গুরুত্ব পড়েছে খাওয়া হয়েছে—এই কাজের ওপর।
আরও একটি উদাহরণ—
আমি দেখব না।
→ আমার দেখা হবে না।
এখানে ‘আমি’ থেকে ‘আমার’ হয়েছে এবং ‘দেখব’ পরিবর্তিত হয়ে ‘দেখা হবে’ হয়েছে।
৪. কর্মকর্তৃবাচ্য
যে বাক্যে কর্মই কর্তার মতো প্রধান হয়ে ওঠে এবং সেই কর্মকে কেন্দ্র করে ক্রিয়ার ব্যবহার হয়, তাকে কর্মকর্তৃবাচ্য বলা হয়।
এই ধরনের বাক্যে প্রকৃত কর্তা অনেক সময় উহ্য থাকে।
উদাহরণ:
খেলা হচ্ছে।
এখানে কে খেলছে তা বলা হয়নি। কাজটি সংঘটিত হওয়ার বিষয়টিই মুখ্য।

বাচ্য চেনার সহজ কৌশল
পরীক্ষায় প্রথমেই দেখবে কাজটি কে করছে এবং বাক্যে কাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
মনে রাখার Shortcut
কর্তা প্রধান → কর্তৃবাচ্য
কর্ম প্রধান → কর্মবাচ্য
ক্রিয়ার ভাব/কাজ হওয়া প্রধান → ভাববাচ্য
কর্ম কর্তার মতো ব্যবহৃত → কর্মকর্তৃবাচ্য
তবে শুধু ‘দ্বারা’ শব্দ আছে কি না দেখে বাচ্য নির্ধারণ করবে না। পুরো বাক্যের অর্থ ও গঠন বুঝতে হবে।
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে
কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে পরিবর্তন করার সময় সাধারণত কর্মকে সামনে এনে গুরুত্ব দেওয়া হয় এবং ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়।
উদাহরণ
নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন।
→ নিউটনের দ্বারা মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কৃত হয়েছে।
এখানে ‘নিউটন’ কর্তা থেকে গৌণ হয়েছে এবং ‘মাধ্যাকর্ষণ শক্তি’ সামনে এসে প্রধান হয়েছে।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ—
আমি বইটি পড়েছি।
→ বইটি আমার পড়া হয়েছে।
তিনি এই কথা বলেছেন।
→ এই কথা তাঁর দ্বারা বলা হয়েছে।
রাজা এই রাস্তাটি নির্মাণ করেছেন।
→ রাজা কর্তৃক এই রাস্তাটি নির্মিত হয়েছে।
[ICSE: ২০১৭]
তোর মেয়ে ভাত রাঁধেনি।
→ তোর মেয়ের ভাত রাঁধা হয়নি।
ওরা কেউ এর আগে জ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি।
→ ওদের কারও দ্বারা এর আগে জ্বলন্ত আগ্নেয়গিরি দেখা হয়নি।
কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে
এক্ষেত্রে কর্মবাচ্যের গৌণ কর্তা আবার প্রধান কর্তার ভূমিকায় ফিরে আসে। ক্রিয়াটিও সেই অনুযায়ী পরিবর্তিত হয়।
একজন প্রাক্তন রাজ্যপাল আদালতে অভিযুক্ত হয়েছেন।
→ আদালত একজন প্রাক্তন রাজ্যপালকে অভিযুক্ত করেছে।
এ আমার জানা।
→ আমি এটা জানি।
বইটি কার লেখা?
→ বইটি কে লিখেছেন?
রাসেলের দ্বারা বলা হয়েছে যে, অধিকাংশ বড়োমানুষ দুষ্টলোক।
→ রাসেল বলেছেন যে, অধিকাংশ বড়োমানুষ দুষ্টলোক।
কোনো রাজার দ্বারা প্রজাদের দারিদ্র্য দূরীভূত হয়নি।
→ কোনো রাজা প্রজাদের দারিদ্র্য দূর করেননি।
আপনার দ্বারা এই কাজটি হবে না।
→ আপনি এই কাজটি করতে পারবেন না।
[ICSE: ২০১১]
সারাটা বছর তাকে কৃষিকাজের ওপর নির্ভর করে থাকতে হয়।
→ সারাটা বছর সে কৃষিকাজের ওপর নির্ভর করে থাকে।
[ICSE: ২০২০]
কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে
কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনের সময় কর্তার গুরুত্ব কমে গিয়ে কাজটি সম্পন্ন হওয়া বা না হওয়ার ভাবটি প্রধান হয়।
আমি খেয়েছি।
→ আমার খাওয়া হয়েছে।
আমি দেখব না।
→ আমার দেখা হবে না।
আমি পড়তে পারলাম না।
→ পড়া গেল না। / আমার পড়া হল না।
কোথায় যাচ্ছ?
→ তোমার কোথায় যাওয়া হচ্ছে?
স্নান করেছেন?
→ আপনার স্নান করা হয়েছে?
নিমন্ত্রণপত্রটি ডাকে পাঠিয়েছি।
→ নিমন্ত্রণপত্রটি ডাকে পাঠানো হয়েছে।
[ICSE: ২০১০]
পরীক্ষার জন্য বেড়াতে যেতে পারলাম না।
→ পরীক্ষার জন্য বেড়াতে যাওয়া হল না।
[ICSE: ২০১৩]
ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে
এখানে কাজের ওপর থাকা গুরুত্ব সরিয়ে কর্তাকে আবার স্পষ্ট ও প্রধান করা হয়।
গাওয়া হল না।
→ আমি গাইতে পারলাম না।
কমলাকান্তের মনের কথা বলা হল না।
→ কমলাকান্ত মনের কথা বলতে পারল না।
ছুটিতে কোথায় যাওয়া হবে?
→ ছুটিতে তুমি কোথায় যাবে?
পিকনিকে যাওয়া হবে না।
→ আমি পিকনিকে যাব না।
মেলায় যাওয়া হবে না কি?
→ তুমি মেলায় যাবে না কি?
আপনার কখন সভায় যাওয়া হবে?
→ আপনি কখন সভায় যাবেন?
[ICSE: ২০১২]

বাচ্য পরিবর্তনের সময় যে বিষয়গুলি মনে রাখবে
বাচ্য পরিবর্তনের সময় শুধু ক্রিয়ার শেষ অংশ বদলালেই হবে না। কর্তা, কর্ম এবং ক্রিয়ার পারস্পরিক সম্পর্কও বদলাতে হয়।
বিশেষ করে এই বিষয়গুলি খেয়াল রাখো—
- কর্তৃবাচ্যে সাধারণত কর্তা প্রধান থাকে।
- কর্মবাচ্যে কর্মকে প্রধান করে বাক্য সাজানো হয়।
- কর্মবাচ্যে দ্বারা/কর্তৃক থাকতে পারে, কিন্তু সবসময় থাকা বাধ্যতামূলক নয়।
- ভাববাচ্যে কাজটি হওয়া বা না হওয়ার ভাব গুরুত্বপূর্ণ।
- বাচ্য পরিবর্তনের সময় বাক্যের মূল অর্থ যেন পরিবর্তিত না হয়।
- শুধু ‘হয়েছে’, ‘হল’, ‘হবে’ যোগ করলেই সঠিক বাচ্য তৈরি হয় না।
Practice Set: এবার নিজে চেষ্টা করো
নিচের বাক্যগুলির নির্দেশ অনুযায়ী বাচ্য পরিবর্তন করো।
১. আমি বইটি পড়েছি।
→ কর্মবাচ্যে লেখো।
২. রাজা এই রাস্তাটি নির্মাণ করেছেন।
→ কর্মবাচ্যে লেখো।
৩. আমি দেখব না।
→ ভাববাচ্যে লেখো।
৪. গাওয়া হল না।
→ কর্তৃবাচ্যে লেখো।
৫. কোনো রাজার দ্বারা প্রজাদের দারিদ্র্য দূরীভূত হয়নি।
→ কর্তৃবাচ্যে লেখো।
৬. নিমন্ত্রণপত্রটি ডাকে পাঠিয়েছি।
→ ভাববাচ্যে লেখো।
উত্তর
১. বইটি আমার পড়া হয়েছে।
২. রাজা কর্তৃক এই রাস্তাটি নির্মিত হয়েছে।
৩. আমার দেখা হবে না।
৪. আমি গাইতে পারলাম না।
৫. কোনো রাজা প্রজাদের দারিদ্র্য দূর করেননি।
৬. নিমন্ত্রণপত্রটি ডাকে পাঠানো হয়েছে।
পরীক্ষার আগে শেষ মুহূর্তের টিপস
বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে বাক্যটির কর্তা, কর্ম ও ক্রিয়া চিহ্নিত করো। তারপর ঠিক করো কোনটিকে প্রধান করে বাক্যটি নতুন করে সাজাতে হবে। এতে শুধু মুখস্থ না করে যুক্তি দিয়ে বাচ্য পরিবর্তন করা সম্ভব হবে।
বিশেষ করে কর্তৃবাচ্য ↔ কর্মবাচ্য এবং কর্তৃবাচ্য ↔ ভাববাচ্য-এর রূপান্তরগুলি লিখে লিখে অনুশীলন করো। ICSE-এর আগের প্রশ্নে বাচ্য পরিবর্তনের বিভিন্ন ধরনের উদাহরণ দেখা যায়, তাই নিয়ম বোঝার পাশাপাশি বাক্য রূপান্তরের practice-ও জরুরি।
🔗 আরও বাংলা ব্যাকরণ অনুশীলন করুন
বাচ্য পরিবর্তনের নিয়মগুলি ভালোভাবে শেখার পর বাংলা ব্যাকরণের অন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিও অনুশীলন করতে পারো। বাক্য পরিবর্তন অধ্যায়ে রয়েছে বিস্তারিত নোটস ও ৩০+ গুরুত্বপূর্ণ উদাহরণ। আর একসঙ্গে পুরো Grammar ঝালিয়ে নিতে দেখে নাও ICSE Bengali Grammar 2027 One Shot Guide।

4 Comments