দেবতার জন্ম প্রশ্ন ও উত্তর: চারটি Common Q&A| পরীক্ষার জন্য Must Read | ICSE Class 9 Bengali
শিবরাম চক্রবর্তীর ‘দেবতার জন্ম’ গল্পটি শুধু হাস্যরসের গল্প নয়; এর মধ্যে কুসংস্কার, অন্ধবিশ্বাস, মানুষের ভীরুতা, ধর্মীয় আবেগ এবং যুক্তিবোধের সংঘাতকে অত্যন্ত সূক্ষ্ম রসিকতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাই ICSE Class 9 Bengali পরীক্ষায় গল্পটির বিভিন্ন উদ্ধৃতি থেকে চরিত্র, ঘটনা, অনুসন্ধিৎসা, মানসিকতা এবং গল্পের ব্যঙ্গাত্মক দিক নিয়ে প্রশ্ন আসতে পারে।
‘দেবতার জন্ম’ গল্পের প্রশ্ন শুধু ঘটনাগুলি মনে রাখলেই শেষ হয় না। উদ্ধৃতি দেখে কে কথা বলছে, কোন পরিস্থিতিতে কথাটি বলা হয়েছে এবং তার মধ্যে লেখকের ব্যঙ্গ কোথায়—এই তিনটি বিষয় বুঝে উত্তর লিখতে হয়। নিচের প্রশ্নগুলিতে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলিই পরীক্ষার উপযোগীভাবে সাজানো হয়েছে।
📘 গল্পটি ভালোভাবে বুঝে নিয়ে প্রশ্নগুলির উত্তর প্রস্তুত করো
‘দেবতার জন্ম’ গল্পের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, কাহিনির সারাংশ এবং লেখকের ব্যঙ্গ-ভাবনা আরও ভালোভাবে বুঝতে আগে আমাদের বিস্তারিত আলোচনাটি পড়ে নাও।
👉 দেবতার জন্ম গল্পের সারাংশ ও ব্যাখ্যা পড়ো
গল্পের মূল বক্তব্য পরিষ্কারভাবে বুঝে নিলে উদ্ধৃতিভিত্তিক প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখতেও সুবিধা হবে।
দেবতার জন্ম প্রশ্ন ও উত্তর
১. “হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম। সেদিনের সেই অনুসন্ধিৎসু ভদ্রলোক।”
(ক) ‘পেছন থেকে’ কাকে, কী প্রশ্ন করা হয়েছিল? [২ নম্বর]
শিবরাম চক্রবর্তীর ‘দেবতার জন্ম’ গল্প থেকে নেওয়া প্রশ্নোক্ত উদ্ধৃতি অনুযায়ী, ‘পেছন থেকে’ কথককে সেই অনুসন্ধিৎসু ভদ্রলোক প্রশ্ন করেছিলেন—
“ব্যাপার কী রকম বুঝচেন?”
অর্থাৎ, পাথরটির চেহারায় পরিবর্তন আসার ব্যাপারটি কথক বুঝতে পেরেছেন কি না, সেটিই তিনি জানতে চেয়েছিলেন।
(খ) ‘অনুসন্ধিৎসু’ কথার অর্থ কী? [২ নম্বর]
‘অনুসন্ধিৎসু’ কথার অর্থ হল যিনি অনুসন্ধান করতে ইচ্ছুক বা কোনো বিষয় সম্পর্কে জানার জন্য কৌতূহলী। কোনো বিষয় সম্পর্কে যে ব্যক্তি অনুসন্ধান করতে সচেষ্ট হন এবং তার কারণ বা রহস্য জানার আগ্রহ প্রকাশ করেন, তাঁকে অনুসন্ধিৎসু বলা হয়।
(গ) লোকটির অনুসন্ধিৎসার পরিচয় দাও। [৩ নম্বর]
লোকটির অনুসন্ধিৎসা শুরু হয়েছিল কথকের পাথর উপড়ে ফেলার দিন থেকে। প্রাণরক্ষার ঐকান্তিক আগ্রহে এবং একটা হেস্তনেস্ত করার প্রবল ইচ্ছায় কথক একদিন পাথরটি উপড়ে ফেলার জন্য লেগে পড়েন। বড়োগোছের নুড়িটির বেশিরভাগ অংশই মাটির নীচে পোঁতা ছিল।
পাথরটিকে সমূলে উৎপাটন করার পর যখন কথক ঘাম মুছলেন, তখন দেখতে পেলেন তাঁর চারপাশে জনতা সমবেত হয়েছে। সবার দিকে তাকিয়ে তিনি জানতে চাইলেন, কেউ পাথরটি নেবেন কি না। একজন এসে জানতে চাইলেন, কথক যে পাথরটি খুঁড়লেন, তার জন্য তিনি দেবতার কোনো স্বপ্নাদেশ পেয়েছেন কি না। কথক তাঁদের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে জানালেন, তাঁরা যা ভাবছেন, তা নয়। এরপর তিনি পাথরটিকে রাস্তার এক পাশে সরিয়ে রাখলেন।
হঠাৎ একদিন কথকের চোখে পড়ল, নুড়িটির চেহারায় আবার কান্তি ও চাকচিক্য ফিরে এসেছে। তিনি ভাবলেন, সকাল-বিকেল যারা হোসপাইপ দিয়ে রাস্তায় জল দেয়, তাদেরই কেউ জল দিয়ে পাথরটির শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। পাথরটির এই সৌন্দর্য বৃদ্ধি দেখে কথক বেশ খুশি হলেন। আর তখনই পেছন থেকে সেই অনুসন্ধিৎসু লোকটি জানতে চাইলেন, “ব্যাপার কী রকম বুঝচেন?”
এভাবেই পাথরটির পরিবর্তন সম্পর্কে লোকটির গভীর কৌতূহল ও অনুসন্ধিৎসার পরিচয় পাওয়া যায়।
(ঘ) এরপর কথক ও অনুসন্ধিৎসু ভদ্রলোকের মধ্যে কী কথোপকথন হয়? [৩ নম্বর]
এরপর অনুসন্ধিৎসু ব্যক্তি ও কথকের মধ্যে কিছু কথাবার্তা হয়। কথক জিজ্ঞাসা করলেন, তিনি কি সেই থেকে পাথরটি পাহারা দিচ্ছেন, নাকি কোনো প্রত্যাদেশ-ট্রত্যাদেশ পেয়েছেন।
উত্তরে প্রাথমিক অপ্রস্তুত ভাব কাটিয়ে ভদ্রলোক জানান—না, তা কেন হবে? এই পথেই তাঁর যাতায়াত। তা ছাড়া নুড়িটি ঠিকই আছে, কেউ নেবে না। কথকও সান্ত্বনা দিয়ে বললেন, যারা তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারত, সরকার তাদের রাঁচির অতিথিশালায় সযত্নে রেখেছে। তা ছাড়া তিনিই যখন কড়া নজর রাখছেন, তখন চিন্তার কিছু নেই।
লোকটি হেসে বললেন, “আপনার যেমন কথা!” এদিকে কারা যেন পাথরটির পূজার্চনা শুরু করেছে। কথকও নিরীক্ষণ করে দেখলেন, একবেলার মধ্যেই কারা এসে পাথরটির গায়ে বেশ করে তেল-সিঁদুর লেপে দিয়ে গেছে।
কথক আনন্দ প্রকাশ করে বললেন—ভালোই হল। এতদিনে ওর কান্তিও ফিরল, সমঝদারও জুটল। কিন্তু ভদ্রলোক কপাল কুঁচকে বললেন—সেটাই তো ভয়। সেই সমঝদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে!
২. “এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন?”
(ক) কে, কাকে প্রশ্নটি করেছিল? [২ নম্বর]
শিবরাম চক্রবর্তীর লেখা ‘দেবতার জন্ম’ গল্প থেকে নেওয়া প্রশ্নোক্ত কথাটি গল্পের কথকের পূর্বপরিচিত এবং সদ্য দেবতার সেবায়েত হওয়া এক ব্যক্তি কথককে বলেছিল।

(খ) কোন প্রসঙ্গে এমন জিজ্ঞাসা? [৩ নম্বর]
চম্পারণ থেকে ফিরে আসার পর কথক দেখেন, অশ্বত্থতলায় ছোটোখাটো একটি মন্দির গড়ে উঠেছে। শঙ্খ-ঘণ্টার আর্তনাদে কান পাতা দায়। সেইসঙ্গে ভিড় ঠেলে চলাচল করাও দুরূহ।
এরই মধ্যে কথক সবচেয়ে বিস্মিত হন তাঁর পূর্বপরিচিত সেই আদি ও অকৃত্রিম অনুসন্ধিৎসু ব্যক্তির আবির্ভাবে। তাঁর বেশভূষারও আমূল পরিবর্তন ঘটেছে। গেরুয়া তিলক ও রুদ্রাক্ষের চাপে তাঁকে আর চেনাই যায় না।
কথকের প্রশ্নের উত্তরে তিনি অকপটে বিনীতভাবে জানান, তিনিই শিবের সেবায়েত। কথকও কটু কথা বলে জানান, তা তো দেখা যাচ্ছে। তা ছাড়া দিব্যি তো বিনা পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে। আর এই মতলবেই বুঝি পাথরটির ওপর এত করে নজর রাখা হচ্ছিল।
বেশ কড়া কথা শোনালেও লোকটি জানায়—অমনভাবে বলা ঠিক নয়। আর পাথর বলা কেন? ও তো শ্রীবিষ্ণু, সাক্ষাৎ দেবতা—ত্রিলোকেশ্বর শিব! বলেই তিনি দেবতার উদ্দেশ্যে প্রণাম জানান।
কথক খুঁড়ে শিকড়ের বিস্তৃতি দেখানোর ইচ্ছা প্রকাশ করলে জিভ কেটে লোকটি বলে—ওসব কথায় অপরাধ হয়। উনি বড়ো জাগ্রত দেবতা। নিজের সমর্থনে তিনি আরও বলেন, দেবতারই মহত্ত্বের গুণে কলকাতার সর্বত্র বসন্ত দেখা দিলেও কেবল এ পাড়াতেই কারও কিছু হয়নি। তা ছাড়া এই পাড়ার কেউই টিকা নেয়নি, কেবল বাবার চরণামৃত খেয়েছে। সুতরাং সবই জাগ্রত দেবতার কৃপা।
দেবতার মহিমা প্রচারের উদ্দেশ্যেই লোকটি এই কথা বলেছিল।
(গ) এই জিজ্ঞাসার ফলে উদ্দিষ্ট ব্যক্তির মনে কী প্রভাব পড়েছিল? [৩ নম্বর]
সেবায়েতের কথা শুনে গল্পকথক তেমনভাবে প্রভাবিত না হলেও বসন্ত রোগের ভয় তাঁকে চেপে ধরে। এর আগে তিনি একবার এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। তাই ভীত কথক ত্রিলোকেশ্বরের মহিমা শুনে স্কুলে গিয়ে বিন্দুমাত্র দেরি না করে বসন্তের টিকা নিতে মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হন।
কিন্তু যাওয়ার পথে এক বন্ধুর সঙ্গে দেখা হলে তাঁর কথামতো কথক টিকা না নিয়ে হোমিয়োপ্যাথি ওষুধ খান। এরপর একটি বিজ্ঞাপন দেখে কবিরাজি ওষুধের প্রতিষেধকও ব্যবহার করেন। তারপর বাড়ি ফিরে মায়ের দেওয়া হরীতকীর তাগা বাঁধেন এবং শেষপর্যন্ত টিকাও নেন।
কিন্তু এত কিছুর পরেও সেবায়েতের কথামতো ত্রিলোকেশ্বরের কাছে নিজের প্রাণভিক্ষা করেন এবং মাথা ঠেকিয়ে প্রণাম করেন। এইভাবেই সেবায়েতের কথার প্রভাবে বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী কথকও অযৌক্তিক কুসংস্কারের কাছে পরাজিত হন।
(ঘ) উদ্দিষ্ট ব্যক্তির দুর্বল মানসিকতার স্বরূপ তুলে ধরো। [২ নম্বর]
গল্পের কথক আপাতদৃষ্টিতে বিজ্ঞানমনস্ক হলেও আদতে তিনি দেবতা ও অলৌকিক শক্তিতে বিশ্বাসী এক সংস্কারাচ্ছন্ন মানুষ। যে যুক্তিবোধ ও বাস্তবজ্ঞান থাকলে মানুষ দৃঢ়তার সঙ্গে ভয় ও কুসংস্কারের মোকাবিলা করতে পারে, তা শেষপর্যন্ত কথক ধরে রাখতে পারেননি।
পাথরটির দেবতা হয়ে ওঠার সম্পূর্ণ কাহিনি তাঁর জানা থাকা সত্ত্বেও তিনি তা সকলের সামনে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। সংস্কার ও অন্ধবিশ্বাসের কাছে তাঁর বিজ্ঞানবোধ ও যুক্তিচেতনা পরাস্ত হয়েছে। গল্পের কথক এভাবেই তাঁর স্বভাবভীরু ও দুর্বল মানসিকতার পরিচয় দিয়েছেন।
৩. “মহাসমারোহেই তিনি এখানে বিরাজ করছেন—”
(ক) উপরের উদ্ধৃতাংশের ‘তিনি’ কে? [২ নম্বর]
শিবরাম চক্রবর্তীর লেখা ‘দেবতার জন্ম’ গল্পের উদ্ধৃত আলোচ্য অংশের ‘তিনি’ হলেন ত্রিলোকেশ্বরে পরিণত হওয়া কথকের বাড়ির সামনে পোঁতা নুড়িপাথরটি।
(খ) তিনি কোথায় বিরাজ করছেন? [২ নম্বর]
তিনি গলির মোড়ের অশ্বত্থতলায় বিরাজ করছেন। সেখানে নুড়িপাথরটিকে এমনভাবে বসানো হয়েছিল যে তার উপরের গোলাকার, নিটোল ও মসৃণ অংশ দেখে সেটিকে শিবলিঙ্গ বলে মনে হতে পারে।
(গ) তাঁর এখানে বিরাজিত হওয়ার কাহিনি বিবৃত করো। [৩ নম্বর]
কথকের বাড়ি থেকে বেরোনোর পথে একটি নুড়িপাথর আধপোঁতা অবস্থায় ছিল। তাই তাতে তিনি প্রায়ই হোঁচট খেতেন এবং একবার প্রায় জীবন-মৃত্যুর সম্মুখীনও হয়েছিলেন। এই কারণে কথক পাথরটিকে তুলে রাস্তার এক নিরাপদ স্থানে রেখে দেন।
এর বেশ কিছুদিন পর কথক দেখেন, পাথরটির শ্রীবৃদ্ধি ঘটেছে। কারও দয়ায় এবং হোসপাইপের জলে তার গায়ের ধুলোবালি পরিষ্কার হয়ে কান্তি ফিরেছে। শুধু তাই নয়, কেউ যেন ওই পাথরটির গায়ে তেল-সিঁদুর দিয়ে পুজো করাও শুরু করেছে।
এরপর হঠাৎ একদিন পাথরটি উধাও হয়ে যায়। কথক পাথরটির অন্তর্ধানে বেশ অবাক হন। তারপর অনেকদিন পরে গলির মোড়ের অশ্বত্থতলায় পাথরটিকে শিবলিঙ্গের আকারে বিরাজ করতে দেখেন। এইভাবেই একটি সাধারণ নুড়িপাথর মানুষের বিশ্বাস ও পূজার মাধ্যমে দেবতার মর্যাদা লাভ করে।
(ঘ) মহাসমারোহের পরিচয় দাও। [৩ নম্বর]
কথক দেখেন, গলির মোড়ের অশ্বত্থতলায় পাথরটি মহাসমারোহে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে যে ব্যক্তি পাথরটিকে পুঁতেছে, সে নুড়িটির স্থূল অংশটা গাছের সঙ্গে এমন নিপুণ দক্ষতায় পুঁতেছে যে উপরের গোলাকার, নিটোল ও মসৃণ অংশটা দেখে তাকে শিবলিঙ্গ বলে মনে হতে পারে।
নুড়িটির চারপাশে ফুল, বেলপাতা ও আতপচালের ছড়াছড়ি। বোঝা যায়, সকালের দিকে এই পথ দিয়ে যাঁরা গঙ্গাস্নান করে পুণ্য অর্জন করতে যান, তাঁরা সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ হিসেবে এটিকে গ্রহণ করেছেন।
এইভাবেই সাধারণ নুড়িপাথরটি মানুষের ধর্মীয় বিশ্বাসে দেবতার মর্যাদা লাভ করে এবং ত্রিলোকেশ্বর মহাসমারোহে সেখানে বিরাজ করতে থাকেন।
দেবতার জন্ম Common Questions
৪. “নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম।” [ICSE 2017]
(ক) কোন নুড়িটা সম্পর্কে বক্তা এ কথা বলেছেন? [২ নম্বর]
কথকের বাড়ি থেকে বেরোনোর পথে একটি নুড়িপাথর ছিল। পাথরটির বেশিরভাগ অংশই মাটির তলায় ছিল এবং বাদবাকিটুকু রাস্তার উপর মাথা তুলে আটকে ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় কথক প্রায়ই ওই নুড়িপাথরটিতে হোঁচট খেতেন।
একদিন ওই নুড়িপাথরটিতে হোঁচট খেয়ে তাঁর গতিবেগ এমনভাবে বেড়ে গেল যে অন্য দিক থেকে আসা মোটরগাড়ি দেখেও আত্মসংবরণ করতে পারলেন না। কিন্তু সে যাত্রায় তিনি শুধুমাত্র ড্রাইভারের পারদর্শিতার গুণে কোনোরকমে বেঁচে গেলেন। উপরিউক্ত কথাগুলি সেই বিশেষ নুড়িপাথরটির সম্বন্ধেই বলা হয়েছে।
(খ) বক্তা নুড়িটার কী বন্দোবস্ত করেছিলেন? [২ নম্বর]
নুড়িটি বেশ বড়ো আকারের এবং ভারী ছিল। তাই অনেক কষ্ট করে গল্পকথক নুড়িটিকে উপড়ে ফেলেন এবং রাস্তার একটি নিরাপদ কোণে স্থাপন করেন।
অর্থাৎ, যে পাথরটির জন্য তিনি বারবার হোঁচট খেতেন এবং বিপদের মুখে পড়েছিলেন, সেটিকে তিনি রাস্তার চলাচলের পথ থেকে সরিয়ে দেন।

(গ) নুড়িটার কী প্রকার পদোন্নতি হয়েছিল? [৩ নম্বর]
নুড়িটি কিছুদিনের মধ্যে নতুন কলেবর ধারণ করল। যারা রাস্তায় হোসপাইপ দিয়ে জল ছেটায়, তাদের জলেই নুড়িটির ধুলোবালি মুছে গিয়ে সেটি চকচকে হয়ে ওঠে। তারপর দেখা গেল, কেউ বা কারা পাথরটির সর্বাঙ্গে তেল-সিঁদুর লেপে দিয়েছে।
হঠাৎ দেখা গেল, নুড়িটিকে কে যেন গলির মোড়ে অশ্বত্থতলায় বসিয়ে দিয়েছে। এমনভাবে বসানো হয়েছে যে হঠাৎ করে দেখলে মনে হয়, যেন একটি শিবলিঙ্গ। তার চারধারে ফুল, বেলপাতা ও আতপচাল ছড়ানো। যারা প্রতিদিন সকালে এ পথে গঙ্গাস্নানে যান, তাঁরাই যে একে দেবতা জ্ঞানে পুজো করে যান, তা বোঝা গেল।
এইভাবে সাধারণ নুড়িপাথরটি দেবত্বের মহিমায় উন্নীত হয়ে ত্রিলোকেশ্বরের মর্যাদা লাভ করল।
(ঘ) নুড়িটার পদোন্নতিতে বক্তা খুশি হয়েছিলেন কেন? [৩ নম্বর]
নুড়িটির পদোন্নতিতে কথক খুশি হয়েছিলেন, কারণ ওই নুড়িটিকে একদিন কথকই তার মাটির তলার বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন। সেই নুড়িই এখন অনেক ভক্তের মুক্তিদাতা।
এই ভেবে গল্পকথক মনে মনে খুশি হলেন যে, নুড়িটির গৌরব যেন তাঁরই গৌরব। যেহেতু তিনি নিজেকে নুড়িটির মুক্তিদাতা মনে করেন, সেহেতু নুড়িটির ওপর তিনি এক ধরনের পিতৃত্বের দাবি করতে পারেন।
এই আত্মতৃপ্তি থেকেই লেখক রসিকতা করে বলেন—
“নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম।”
দেবতার জন্ম গল্পের প্রশ্নোত্তর: পরীক্ষার জন্য বিশেষভাবে মনে রাখবে
‘দেবতার জন্ম’ গল্পের এই প্রশ্নগুলির মধ্যে কয়েকটি বিষয় বারবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে—
- নুড়িপাথরের পরিবর্তন ও দেবত্ব লাভ
- অনুসন্ধিৎসু ভদ্রলোকের চরিত্র
- নুড়ির ‘পদোন্নতি’
- ত্রিলোকেশ্বরের প্রতিষ্ঠা
- কথকের বিজ্ঞানমনস্কতা ও ভয়
- কুসংস্কারের কাছে যুক্তিবোধের পরাজয়
- গল্পের ব্যঙ্গ ও রসিকতা
- ধর্মীয় বিশ্বাস কীভাবে একটি সাধারণ বস্তুকে দেবতার মর্যাদা দেয়
তাই শুধু উত্তর মুখস্থ না করে ঘটনার ধারাটি বুঝে পড়লে একই গল্প থেকে ঘুরিয়ে দেওয়া প্রশ্নেরও উত্তর লেখা সহজ হবে।
দেবতার জন্ম গল্পের সারাংশ ও ব্যাখ্যা
আমাদের সব নোটসের দ্রুত আপডেট, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, নোটসের পিডিএফ পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে।
