[Solved] বাক্য পরিবর্তন MCQ ও নোটস- ICSE Class 9
কোনো বাক্যের মূল ভাব বা বক্তব্য অপরিবর্তিত রেখে তার গঠন বা রূপ পরিবর্তন করাকে বাক্য পরিবর্তন বা বাক্য রূপান্তর বলা হয়।
এখানে মূলত তিন ধরনের রূপান্তর আলোচনা করা হবে:
- সরল বাক্যে রূপান্তর
- যৌগিক বাক্যে রূপান্তর
- জটিল বাক্যে রূপান্তর
আর থাকবে ৩০+ বাক্য পরিবর্তন উদাহরণ যা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতিতে সাহায্য করবে।
বাক্য পরিবর্তন: সরল, যৌগিক ও জটিল বাক্য কী?
সরল বাক্য (Simple Sentence)
- একটি সমাপিকা ক্রিয়া থাকে
- একটি মাত্র প্রধান বক্তব্য থাকে
- কর্তা উহ্য থাকতে পারে
যৌগিক বাক্য (Compound Sentence)
- দুই বা তার বেশি স্বাধীন বাক্য/বাক্যাংশের সমন্বয়
- এবং, কিন্তু, তথাপি, তবু ইত্যাদি অব্যয় ব্যবহৃত হতে পারে
জটিল বাক্য (Complex Sentence)
- একটি প্রধান বাক্য
- এক বা একাধিক অপ্রধান/খণ্ডবাক্য
- যখন, যেহেতু, যে, যেখানে, যার, যদি, যদিও ইত্যাদি শব্দ ব্যবহৃত হতে পারে
| বাক্যের ধরন | প্রধান বৈশিষ্ট্য | সাধারণ সংকেত |
| সরল | একটি সমাপিকা ক্রিয়া | — |
| যৌগিক | একাধিক স্বাধীন বাক্য | এবং, কিন্তু, তবু |
| জটিল | প্রধান ও অপ্রধান খণ্ডবাক্য | যখন, যদি, যদিও, যেহেতু |
নিজেরা গঠনগত ভাবে বাক্য পরিবর্তন উদাহরণ দেখে, ধারণা বুঝে অভ্যাস করো বাক্য পরিবর্তন Worksheet-এ।
বাক্য পরিবর্তন উদাহরণ: সরল বাক্যে রূপান্তর
সরল বাক্যে রূপান্তর করার সময় সাধারণত যৌগিক বা জটিল বাক্যের একাধিক অংশকে সংকুচিত করে একটি সমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যে প্রকাশ করা হয়।
উদাহরণ ১
মূল বাক্য:
খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফললাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল, কিন্তু ফটিক শশব্যস্ত হইল।
সরল বাক্যে রূপান্তর:
খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফললাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিলেও ফটিক শশব্যস্ত হইল।
উদাহরণ ২
মূল বাক্য:
শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য এটিও যেন অসহ্য বোধ হয়।
সরল বাক্যে রূপান্তর:
শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা গেলেও এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য এটিও যেন অসহ্য বোধ হয়।
উদাহরণ ৩
মূল বাক্য:
বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই।
সরল বাক্যে রূপান্তর:
বৈশাখ শেষ হইয়া আসা সত্ত্বেও মেঘের ছায়াটুকু কোথাও নাই।

উদাহরণ ৪
মূল বাক্য:
তার দেহ মাপে মানুষের মতো বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড।
সরল বাক্যে রূপান্তর:
তার দেহ মাপে মানুষের মতো হলেও তার মুখ দানবের মতো প্রকাণ্ড।
উদাহরণ ৫
মূল বাক্য:
তিনি যে তাঁর প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেন, সে বিষয়ে ধনঞ্জয়ের মনে কোনো সন্দেহ ছিল না।
সরল বাক্যে রূপান্তর:
তাঁর প্রতিজ্ঞা পালিত হওয়া সম্পর্কে ধনঞ্জয়ের মন নিঃসন্দিগ্ধ ছিল।
উদাহরণ ৬
মূল বাক্য:
এই একমাস চাষ বন্ধ হইয়া আছে, সে ক্ষতির মূল্য হিসাব-নিকাশের বাইরে।
সরল বাক্যে রূপান্তর:
এই একমাস চাষ বন্ধ থাকায় ক্ষতির মূল্য হিসাব-নিকাশের বাইরে।
উদাহরণ ৭
মূল বাক্য:
যে পরিমাণে মনুষ্য পশুভাব প্রাপ্ত হইবে, সেই পরিমাণে মনুষ্য সুখী।
সরল বাক্যে রূপান্তর:
মনুষ্যের পশুভাব প্রাপ্তির অনুপাতে মনুষ্য সুখী হইবে।
উদাহরণ ৮
মূল বাক্য:
শ্রাদ্ধের দিন খাওয়া-দাওয়া যখন শেষ হইল, রাত্রি তখন বারোটা।
সরল বাক্যে রূপান্তর:
শ্রাদ্ধের দিন খাওয়া-দাওয়া শেষ হইতে রাত্রি বারোটা বাজিল।
⭐ ICSE Previous Year Question ২০১৮
মূল বাক্য:
যদি তোমার সমস্যার কথা জানতাম তবে নিশ্চয়ই সমাধানের চেষ্টা করতাম।
সরল বাক্যে রূপান্তর:
তোমার সমস্যার কথা জানলে নিশ্চয়ই সমাধানের চেষ্টা করতাম।
📌 পরীক্ষার টিপস: এখানে ‘যদি–তবে’ যুক্ত শর্তসূচক জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করা হয়েছে। ‘যদি’ ও ‘তবে’ বাদ দিয়ে ‘জানতাম’ → ‘জানলে’ করে বাক্যটিকে সরল রূপ দেওয়া হয়েছে।
আরও ব্যাকরণ পড়ুন
⭐ ICSE Previous Year Question ২০২০
মূল বাক্য:
যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলেই পরীক্ষায় ভালো ফল করবে।
সরল বাক্যে রূপান্তর:
মন দিয়ে পড়াশোনা করলেই পরীক্ষায় ভালো ফল করবে।
📌 পরীক্ষার টিপস: ‘যদি–তাহলে’ যুক্ত শর্তসূচক বাক্যকে সরল করার সময় ‘যদি’ ও ‘তাহলে’ বাদ দিয়ে ‘পড়াশোনা করো’ → ‘পড়াশোনা করলেই’ করা হয়েছে।
📝 মনে রাখবে
যদি–তবে / যদি–তাহলে যুক্ত বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সময় অনেক ক্ষেত্রে ‘-লে’, ‘-লেই’ প্রত্যয়যুক্ত ক্রিয়ারূপ ব্যবহার করা যায়।
উদাহরণ:
যদি মন দিয়ে পড়াশোনা করো → মন দিয়ে পড়াশোনা করলেই
বাক্য পরিবর্তন উদাহরণ: যৌগিক বাক্যে রূপান্তর
সরল বা জটিল বাক্যের মূল ভাব অপরিবর্তিত রেখে দুই বা ততোধিক স্বাধীন বাক্যকে এবং, কিন্তু, বটে, তথাপি ইত্যাদি সংযোজক অব্যয়ের মাধ্যমে যুক্ত করলে যৌগিক বাক্য তৈরি হয়।
উদাহরণ ১
মূল বাক্য:
গাওতাল বিনা বাক্যব্যয়ে দুইদিনের মতো খাদ্যদ্রব্য বাঁধিয়া একাই সেই গহন বনের উদ্দেশ্যে রওনা হইয়া গেল।
যৌগিক বাক্যে রূপান্তর:
গাওতাল বিনা বাক্যব্যয়ে দুইদিনের মতো খাদ্যদ্রব্য বাঁধিল এবং একাই সেই গহন বনের উদ্দেশ্যে রওনা হইয়া গেল।
উদাহরণ ২
মূল বাক্য:
সে মুখটা যন্ত্রণায় অতিমাত্রায় বিকৃত করিয়া পায়ের গোছাটা দুই হাতে টিপিয়া বসিয়া আছে।
যৌগিক বাক্যে রূপান্তর:
সে মুখটা যন্ত্রণায় অতিমাত্রায় বিকৃত করিয়া আছে এবং পায়ের গোছাটা দুই হাতে টিপিয়া বসিয়া আছে।
উদাহরণ ৩
মূল বাক্য:
ষষ্ঠীচরণ কি একটা বলিতে গিয়া যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিল।
যৌগিক বাক্যে রূপান্তর:
ষষ্ঠীচরণ কি একটা বলিতে গেল, কিন্তু যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিল।
উদাহরণ ৪
মূল বাক্য:
বাবা আমাকে তার উপরে বিছুটি দিয়ে মেরে সারাদিন ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল।
বাক্য পরিবর্তন Class 9: যৌগিক বাক্যে রূপান্তর
বাবা আমাকে তার উপরে বিছুটি দিয়ে মেরেছিল এবং সারাদিন ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল।
উদাহরণ ৫
মূল বাক্য:
অন্যান্য জলাশয়ের মাঝখানে দু-একটা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন কাড়াকাড়ি তেমন ভিড়।
যৌগিক বাক্যে রূপান্তর:
অন্যান্য জলাশয়ের মাঝখানে দু-একটা গর্ত খুঁড়িয়া কিছু জল সঞ্চিত হয় বটে, কিন্তু তাহাতে যেমন কাড়াকাড়ি, তেমনি ভিড়।

উদাহরণ ৬
মূল বাক্য:
সে তাহার নাকে-মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল।
যৌগিক বাক্যে রূপান্তর:
সে তাহার নাকে-মুখে আঁচড় কাটিল এবং কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল।
উদাহরণ ৭
মূল বাক্য:
একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম।
যৌগিক বাক্যে রূপান্তর:
একখানা ইংরেজি নভেল বার করলুম এবং পড়তে বসলুম।
লালু গল্পের SAQ: Important সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | ICSE Class 9 Bengali
⭐ ICSE Previous Year Question ২০১৭
মূল বাক্য:
উপরি উপরি দু-বছর অজন্মায় মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল।
যৌগিক বাক্যে রূপান্তর:
উপরি উপরি দু-বছর অজন্মা হল এবং মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল।
📌 ICSE পরীক্ষার টিপস: এখানে একটি বাক্যের দুটি পৃথক ভাবকে ‘এবং’ অব্যয়ের সাহায্যে যুক্ত করে যৌগিক বাক্য তৈরি করা হয়েছে। তাই বাক্য পরিবর্তনের সময় মূল বক্তব্য যেন অপরিবর্তিত থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।
উদাহরণ ৮
মূল বাক্য:
একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসলুম।
যৌগিক বাক্যে রূপান্তর:
একখানা ইংরেজি নভেল বার করলুম এবং পড়তে বসলুম।
ICSE Class 9 সংকলিতা গল্পের স্টাডি মেটেরিয়াল পড়ুন
📝 যৌগিক বাক্যে রূপান্তরের সহজ কৌশল
সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তরের সময় সাধারণত একটি বাক্যের মধ্যে থাকা দুই বা ততোধিক কাজ বা ভাবকে আলাদা করে তাদের মধ্যে উপযুক্ত সংযোজক অব্যয় বসাতে হয়।
মনে রাখার মতো সংযোজক অব্যয়:
- এবং → দুটি কাজ বা বক্তব্য যুক্ত করতে
- কিন্তু → বিপরীত ভাব বোঝাতে
- বটে, কিন্তু → স্বীকার করে বিপরীত বক্তব্য প্রকাশ করতে
- তথাপি / তবু → পূর্বের বক্তব্যের বিপরীত ফল বোঝাতে
উদাহরণ:
বার করে পড়তে বসলুম → বার করলুম এবং পড়তে বসলুম
বলিতে গেল + চিৎকার করিয়া উঠিল → বলিতে গেল, কিন্তু চিৎকার করিয়া উঠিল
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ: যৌগিক বাক্যে রূপান্তরের সময় শুধু ‘এবং’ বসালেই হবে না। বাক্যের মূল অর্থ, ক্রিয়ার কাল এবং দুটি বক্তব্যের পারস্পরিক সম্পর্ক ঠিক রেখে উপযুক্ত অব্যয় নির্বাচন করতে হবে।
বাক্য পরিবর্তন উদাহরণ: জটিল বাক্যে রূপান্তর
যে বাক্যে একটি প্রধান বাক্য (Main Clause) এবং তার সঙ্গে এক বা একাধিক অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্য (Subordinate Clause) থাকে এবং আশ্রিত খণ্ডবাক্যটি প্রধান বাক্যের উপর নির্ভরশীল হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে জটিল বাক্য (Complex Sentence) বলে।
সরল বা যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করার সময় সাধারণত যখন–তখন, যদিও–তবু, যেহেতু–সেহেতু, যে–তা, যেখানে–সেখানে, যার–তার, যেমন–তেমন ইত্যাদি সংযোজক শব্দ বা যুগ্ম অব্যয় ব্যবহার করা হয়।
নিচে গুরুত্বপূর্ণ কয়েকটি জটিল বাক্যে রূপান্তরের উদাহরণ দেওয়া হল।
উদাহরণ ২
মূল বাক্য:
তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না।
বাক্য পরিবর্তন Class 9: জটিল বাক্যে রূপান্তর
তাহার মা যদিও অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, তবু আমি তাহা পারি না।
ব্যবহৃত সংযোজক: যদিও – তবু
উদাহরণ ৩
মূল বাক্য:
হাতের যন্ত্রণায় সে ভেউ ভেউ কাঁদিতে কাঁদিতে মন্দিরের মধ্যে শুইয়া পড়িল।
জটিল বাক্যে রূপান্তর:
হাতের যন্ত্রণা এমন হইল যে, সে ভেউ ভেউ করিয়া কাঁদিতে কাঁদিতে মন্দিরের মধ্যে শুইয়া পড়িল।
ব্যবহৃত সংযোজক: এমন – যে
উদাহরণ ৪
মূল বাক্য:
শিলাদিত্য পাহাড় কেটে শ্বেতপাথর আনিয়ে সূর্যকুণ্ডের চারদিক সুন্দর করে বাঁধিয়ে দিলেন।
জটিল বাক্যে রূপান্তর:
শিলাদিত্য পাহাড় কেটে যে শ্বেতপাথর আনলেন তা দিয়ে সূর্যকুণ্ডের চারদিক সুন্দর করে বাঁধিয়ে দিলেন।
ব্যবহৃত সংযোজক: যে – তা
উদাহরণ ৫
মূল বাক্য:
একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত।
জটিল বাক্যে রূপান্তর:
যখনই তাহাকে একটা কথা জিজ্ঞাসা করিত, তখনই সে হাঁ করিয়া চাহিয়া থাকিত।
ব্যবহৃত সংযোজক: যখনই – তখনই
উদাহরণ ৬
মূল বাক্য:
সেকালে হাকিমেরা যখনই একটু অবিচার অত্যাচার করিলেই মুখুয্যে মহাশয় রাগিয়া চেঁচিয়া অনর্থপাত করিয়া তুলিতেন।
জটিল বাক্যে রূপান্তর:
সেকালে হাকিমেরা যখনই একটু অবিচার অত্যাচার করিত, তখনই মুখুয্যে মহাশয় রাগিয়া চেঁচিয়া অনর্থপাত করিয়া তুলিতেন।
ব্যবহৃত সংযোজক: যখনই – তখনই
📌 পরীক্ষার টিপস: মূল বাক্যে থাকা ‘যখনই’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরের অংশে ‘তখনই’ ব্যবহার করলে বাক্যের সম্পর্কটি স্পষ্ট হয়।
উদাহরণ ৭
মূল বাক্য:
ভুবনের মাসী ওইস্থানে আনীত হইলেন এবং ভুবনকে দেখিয়া উচ্চঃস্বরে কাঁদিতে কাঁদিতে তাহার নিকট গেলেন।
জটিল বাক্যে রূপান্তর:
ভুবনের মাসী যখন ওইস্থানে আনীত হইলেন, তখন ভুবনকে দেখিয়া উচ্চঃস্বরে কাঁদিতে কাঁদিতে তাহার নিকটে গেলেন।
ব্যবহৃত সংযোজক: যখন – তখন
উদাহরণ ৮
মূল বাক্য:
তাহার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সেই মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে।
জটিল বাক্যে রূপান্তর:
তাহার মুখখানা যেহেতু রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সেহেতু সেই মুখ দিয়া তপ্ত খরবাক্যই বাহির হইবে।
ব্যবহৃত সংযোজক: যেহেতু – সেহেতু
উদাহরণ ৯
মূল বাক্য:
হাঙ্গামা দেখিয়া লোকগুলি চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল।
জটিল বাক্যে রূপান্তর:
যদিও হাঙ্গামা দেখিয়া লোকগুলি চলিয়া গেল, তথাপি কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল।
ব্যবহৃত সংযোজক: যদিও – তথাপি
উদাহরণ ১০
মূল বাক্য:
তখন যে কেবল দিল্লি এবং আগ্রা ছিল তাহা নহে, কাশী এবং নবদ্বীপও ছিল।
জটিল বাক্যে রূপান্তর:
তখন যেমন দিল্লি এবং আগ্রা ছিল, তেমন কাশী এবং নবদ্বীপও ছিল।
ব্যবহৃত সংযোজক: যেমন – তেমন
উদাহরণ ১১
মূল বাক্য:
এককড়ি বুনো ওল বটে, তিনকড়িও বাঘা তেঁতুল।
জটিল বাক্যে রূপান্তর:
এককড়ি যেমন বুনো ওল, তিনকড়িও তেমন বাঘা তেঁতুল।
ব্যবহৃত সংযোজক: যেমন – তেমন
কবিতার ব্যাখ্যা, সারসংক্ষেপ ও প্রশ্নোত্তর দেখুন
⭐ ICSE Previous Year Question ২০১২
মূল বাক্য:
অন্যায়কারীকে কখনো ক্ষমা করো না।
জটিল বাক্যে রূপান্তর:
যে অন্যায়কারী, তাকে কখনও ক্ষমা করো না।
📌 ICSE 2012: এই বাক্যে ‘যে – তাকে’ সম্পর্কবাচক সর্বনাম ব্যবহার করে মূল বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করা হয়েছে।
⭐ ICSE Previous Year Question ২০১৬
মূল বাক্য:
অন্যায়কারীকে কখনো ক্ষমা করো না।
জটিল বাক্যে রূপান্তর:
যে অন্যায়কারী, তাকে কখনও ক্ষমা করো না।
📌 ICSE 2016: একই ধরনের বাক্য রূপান্তরের ক্ষেত্রে ‘যে – তাকে’ ব্যবহার করে প্রধান বাক্য ও আশ্রিত খণ্ডবাক্যের সম্পর্ক তৈরি করা হয়েছে।
ICSE Bengali Grammar 2027: বাংলা ব্যাকরণ One Shot Guide, Important এমসিকিউ
📝 জটিল বাক্যে রূপান্তরের সহজ কৌশল
জটিল বাক্যে রূপান্তরের সময় প্রথমে মূল বাক্যের দুটি ভাবের মধ্যে সম্পর্ক বুঝতে হবে। তারপর সেই সম্পর্ক অনুযায়ী উপযুক্ত সংযোজক শব্দ ব্যবহার করতে হবে।
| মূল ভাবের সম্পর্ক | ব্যবহৃত সংযোজক |
| সময় | যখন–তখন, যখনই–তখনই |
| শর্ত | যদি–তবে / যদি–তাহলে |
| কারণ | যেহেতু–সেহেতু |
| বিরোধ | যদিও–তবু / যদিও–তথাপি |
| তুলনা | যেমন–তেমন |
| সম্পর্ক | যে–সে / যে–তাকে / যার–তার |
| ফল বা পরিণাম | এমন–যে |
পরীক্ষায় মনে রাখবে
যদিও → তবু / তথাপি
যেহেতু → সেহেতু
যখন → তখন
যখনই → তখনই
যেমন → তেমন
যে → সে / তাকে / তা
গুরুত্বপূর্ণ: বাক্য পরিবর্তনের সময় শুধু সংযোজক শব্দ যোগ করলেই হবে না। মূল বক্তব্য ও অর্থ অপরিবর্তিত রেখে বাক্যের গঠন পরিবর্তন করতে হবে। বিশেষ করে যে–তাকে, যেমন–তেমন, যদিও–তবু এবং যেহেতু–সেহেতু-এর মতো যুগ্ম সংযোজকের ক্ষেত্রে দুই অংশের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখা জরুরি।
ICSE পরীক্ষায় বাক্য পরিবর্তন – গুরুত্বপূর্ণ টিপস
- মূল বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না।
- কাল ও বক্তব্যের মূল ভাব যতটা সম্ভব অপরিবর্তিত রাখতে হবে।
- সরল বাক্যে সাধারণত একটি সমাপিকা ক্রিয়া থাকবে।
- যৌগিক বাক্যে উপযুক্ত সংযোজক অব্যয় ব্যবহার করতে হবে।
- জটিল বাক্যে প্রধান ও অপ্রধান খণ্ডবাক্যের সম্পর্ক ঠিক রাখতে হবে।
যখন–তখন, যদি–তবে, যদিও–তবু, যেহেতু–সেহেতু ইত্যাদি জোড়া শব্দের ব্যবহার ভালোভাবে মনে রাখতে হবে।
আমাদের সব নোটসের দ্রুত আপডেট, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, নোটসের পিডিএফ পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে। সঙ্গে থাকবে ফাইনাল পরীক্ষার আগে অনলাইন মকটেস্টের সুবিধাও।

5 Comments