Ginni Golpo SAQ: ‘গিন্নি’ গল্পের ২০টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১ নম্বরের)- রইল Score বাড়ানোর কৌশলও | ICSE Class 9 Bengali
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গিন্নি’ গল্পটি পড়ার সময় অনেকেই মূল ঘটনাটি বুঝে নেয়, কিন্তু পরীক্ষায় ছোট প্রশ্ন এলে সমস্যায় পড়ে যায়। কারণ ১ নম্বরের প্রশ্নে সাধারণত পুরো গল্পের সারাংশ লিখতে হয় না; বরং চরিত্র, ঘটনা, উক্তির প্রসঙ্গ, নামকরণ, স্থান, সময় কিংবা কোনো বিশেষ তথ্য খুব সংক্ষেপে মনে রাখতে হয়।
এই কারণেই Ginni Golpo SAQ প্রস্তুতির সময় শুধু উত্তর মুখস্থ না করে গল্পের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির সঙ্গে প্রশ্নগুলিকে মিলিয়ে পড়া বেশি কার্যকর।
এই নোটে ‘গিন্নি’ গল্প থেকে নির্বাচিত ২০টি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হল। প্রশ্নগুলিকে এমনভাবে সাজানো হয়েছে যাতে দ্রুত Revision-এর সময় গল্পটির চরিত্র, ঘটনাক্রম এবং গুরুত্বপূর্ণ উক্তিগুলিও একসঙ্গে মনে পড়ে।
প্রথমে গল্পটির সম্পূর্ণ ঘটনাক্রম ঝালিয়ে নিতে চাইলে: Ginni Golpo Class 9 Summary – সহজ সারসংক্ষেপ ও মূলভাব
‘গিন্নি’ গল্পের SAQ: প্রথমে যে বিষয়গুলি মনে রাখবে
২০টি প্রশ্নে যাওয়ার আগে গল্পটির কয়েকটি গুরুত্বপূর্ণ anchor মনে রাখা ভালো:
শিবনাথ পণ্ডিত → কঠোর ও রূঢ় শিক্ষক
আশু → লাজুক ও ভালো ছাত্র
বোনের সঙ্গে পুতুল খেলা → ‘গিন্নি’ নামকরণের সূত্র
গাড়িবারান্দা → গুরুত্বপূর্ণ ঘটনাস্থল
বৃষ্টি → শিবনাথের সেখানে এসে আশ্রয় নেওয়ার কারণ
‘গিন্নি’ নাম → আশুর কাছে গভীর অপমানের কারণ
এই ঘটনাগুলি পরিষ্কার থাকলে নিচের অধিকাংশ SAQ-এর উত্তর আলাদা করে মুখস্থ করতে হবে না।
📚 ICSE Class 9: ‘গিন্নি’ গল্পের সেরা প্রস্তুতির জন্য Complete Learning Hub
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গিন্নি’ গল্পে ফুল মার্কস (Full Marks) পেতে চাও? একটি মাত্র পেজে সময় নষ্ট না করে তোমার প্রয়োজনীয় প্রতিটি টপিক পড়ে নাও আমাদের এক্সক্লুসিভ গাইড থেকে:
📖 ১. গল্পের মূলভাব ও সারসংক্ষেপ: ➔ https://bengalinotes.in/ginni-golpo-class-9-summary-icse-bengali/
✍️ ২. উত্তরসহ প্রশ্ন-উত্তর (Solved Q&A): ➔ https://bengalinotes.in/ginni-golpo-question-answer-icse-class-9-bengali/
🎯 ৩. সাজেশন ও পরীক্ষার টিপস: ➔ https://bengalinotes.in/ginni-golpo-important-questions-part-2-icse-class-9-bengali/
🎭 ৪. চরিত্র বিশ্লেষণ: ➔ https://bengalinotes.in/ginni-golpo-character-analysis-ashu-sibnath/
📝 ৫. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ): ➔ https://bengalinotes.in/ginni-golpo-mcq-questions-answers/
⚡ ৬. ১ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ): ➔ https://bengalinotes.in/ginni-golpo-saq-question-answer/
💡 টিপস: সম্পূর্ণ ‘গিন্নি’ চ্যাপ্টারটি রিভিশন দিতে এই পেজটি Bookmark করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো!
Ginni Golpo SAQ | ২০টি নির্বাচিত SAQ ও সংক্ষিপ্ত উত্তর
১.১. “আমাদের পণ্ডিতমহাশয়ের দুই একত্রে ছিল”- এখানে ‘আমাদের’ ও ‘পণ্ডিতমহাশয়’ বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর: আলোচ্য অংশে ‘আমাদের’ বলতে গল্পকথক ও তার শ্রেণির ছাত্রদের বোঝানো হয়েছে। ছাত্রবৃত্তি ক্লাসের দুই-তিন শ্রেণি নীচে যখন গল্পকথকরা পড়তেন, তখন তাদের ক্লাসে শিবনাথ নামে যে পণ্ডিত ছিলেন তাঁকেই এখানে ‘পণ্ডিতমহাশয়’ বলে উল্লেখ করা হয়েছে।
১.২. ‘‘ইনি আক্ষেপ করিতেন,” কে, কি ব্যাপারে আক্ষেপ করতেন?
উত্তর: ছাত্রবৃত্তি ক্লাসের দুই-তিন শ্রেণি নীচে যখন গল্পকথকরা পড়তেন, তখন শিবনাথ নামে তাদের এক পণ্ডিত ছিল। সেই পণ্ডিত এই ব্যাপারে আক্ষেপ করতেন যে, পুরাকালে ছাত্ররা যেমন গুরুকে দেবতা জ্ঞানে ভক্তি করত, তাঁর সময় গুরু-শিষ্যের সেইরূপ সম্বন্ধ ছিল না।
১.৩. কে, কী দেখে আশুর নাম ‘গিন্নি’ রেখেছিলেন?
উত্তর: আশুর স্কুলের শিবনাথ নামে এক শিক্ষক আশুর নাম রেখেছিলেন গিন্নি’। তিনি একদিন আশুকে তার বোনের সঙ্গে পুতুল খেলতে দেখে আশুর এইরূপ নামকরণ করেছিলেন।
১.৪. “আশু সেজন্য বড়ো অপ্রতিভ”- আশুর অপ্রতিভ হওয়ার কারণ কী?
উত্তর: বেলা একটায়, স্কুলের টিফিনের সময় আশুর বাড়ি থেকে এক দাসী তার জন্য পত্রপুটে গুটিকতক মিষ্টান্ন এবং ছোট একটি কাঁসার ঘটিতে জল নিয়ে আসত। অন্য কোন ছাত্রের বাড়ি থেকে এইরকম খাবার আসত না বলে ও অন্যদের থেকে সে পৃথক বলে প্রমাণিত হওয়ায় লাজুক আশু এই ব্যাপারে অপ্রতিভ হয়ে থাকত।
১.৫. “সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না।” কার, কেন লাঞ্ছনার সীমা থাকত না?
উত্তর: আশু পড়াশোনায় খুব ভাল হলেও মাঝে মাঝে তার স্কুলে আসতে দেরি হয়ে যেত। শিবনাথ পণ্ডিত তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে সদুত্তর দিতে পারত না বলে তার লাঞ্ছনার সীমা থাকত না।
১৬. “এই-যে গিন্নি আসছে।” কাকে দেখে, কে, কখন একথা বলেছিল?
উত্তর: গ্রহণের ছুটির পরের দিন কথকদের স্কুলের শিক্ষক শিবনাথ পণ্ডিত স্কুলে এসে চৌকিতে বসেছিলেন। তখনই দরজার দিকে তাকিয়ে তিনি আশুকে একটি শ্লেট ও মসীচিহ্নিত থলেতে বই নিয়ে ক্লাসে আসতে দেখেন এবং আলোচ্য কথাটি বলেন।
১.৭. “সেদিন তাহাদের পুতুলের বিয়ে।”- ‘তাহাদের’ বলতে কাদের বোঝানো হয়েছে? কোন দিনকে ‘সেদিন’ বলে উল্লেখ করা হয়েছে?
উত্তর: আলোচ্য অংশে ‘তাহাদের’ বলতে গল্পকথকের সহপাঠী আশু (Ginni Golpo SAQ) ও তার বোনকে বোঝানো হয়েছে। গ্রহণের ছুটির দিনকে ‘সেদিন’ বলে উল্লেখ করা হয়েছে।
১.৮. “হাঁ গা, তুমি আমাদের পুরুতঠাকুর হবে?” কে, কাকে, কেন পুরুতঠাকুর হতে বলেছিল?
উত্তর: গল্পকথকের সহপাঠী আশুর বোন আশুদের শিক্ষক শিবনাথ পণ্ডিতকে পুরুতঠাকুর হতে বলেছিল। আশু ও আশুর বোনের পুতুল খেলায় পুতুলের বিয়ের পৌরোহিত্য করার জন্য শিবনাথ পণ্ডিতকে পুরুতঠাকুর হতে বলা হয়েছিল।
১.৯. শিবনাথ পণ্ডিতের পরিচয় দাও।
উত্তর: ‘গিন্নি’ গল্পের গল্পকথকরা যখন ছাত্রবৃত্তি ক্লাসের দুই-তিন শ্রেণি নীচে পড়ত, তখন তাদের এক শিক্ষক ছিল যাঁর নাম শিবনাথ পণ্ডিত। তাঁর গোঁফদাড়ি কামানো, ছাঁটা চুল ও ছোট টিকিবিশিষ্ট চেহারা দেখলেই বালকদের অন্তরাত্মা শুকিয়ে যেত। তিনি যেমন ছাত্রদের অত্যাচার করতেন, তেমনি বাক্যবাণে তাদের জর্জরিত করে তুলতেন।
১.১০. “আমাদের পণ্ডিতমহাশয়ের দুই একত্রে ছিল।”- ‘দুই একত্রে ছিল’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: সাধারণত দেখা যায়, যেসব প্রাণীদের হুল থাকে, তাদের দাঁত থাকে না। গল্পকথকদের শিক্ষক শিবনাথ পণ্ডিত কিল-চড়-চাপড় মেরে ছাত্রদের যেমন অত্যাচার করতেন, তেমনি তীব্র বাক্যবাণে তাদের জর্জরিত করতেন বলে গল্পকথকের মতে তাঁর হুল ও দাঁত দুই একত্রে ছিল।
১.১১. “এখন তর্ক উঠিল”- কি বিষয় নিয়ে কাদের মধ্যে তর্ক উঠিল?
উত্তর: গ্রহণের ছুটির দিন আশু তার বোনের সঙ্গে পুতুল খেলছিল। খেলায় পুতুলের বিয়ের পৌরোহিত্য কে করবে তা নিয়ে তাদের মধ্যে তর্ক বেঁধেছিল।
১.১২. ‘গিন্নি’ নামকরণের পর আশুর কী অবস্থা হল?
উত্তর: শিবনাথ পণ্ডিত আশুর ‘গিন্নি’ (Ginni Golpo SAQ) নামকরণ করার পর সে চারিদিকের কৌতুকহাস্যে যোগ দিতে চেষ্টা করল। হাসতে হাসতে তার মুখ কান টকটকে লাল হয়ে উঠল, ব্যথিত কপালের শিরা ফুলে উঠল এবং তার উচ্ছসিত অশ্রুজল কিছুতেই বাধ মানল না।
১.১৩. আশু কীরূপ ছাত্র ছিল?
উত্তর: আশু ক্লাসের মধ্যে নিতান্ত ভালোমানুষ, লাজুক, পড়াশোনায় মনোযোগী ও বয়সে কনিষ্ঠ ছাত্র ছিল। স্কুলের অনেকে তার সঙ্গে ভাব করতে চাইলেও কোনও ছেলের সঙ্গে খেলা করত না এবং স্কুল ছুটির পরে তাড়াতাড়ি বাড়ি চলে যেত। সকলের সব কথাতেই সে মৃদু মৃদু হাসত।
১.১৪. “অন্য দিনের চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে।” আশু কেন অন্যদিনের চেয়ে সংকুচিতভাবে ক্লাসে প্রবেশ করে?
উত্তর: গ্রহণের দিন আশুর স্কুলে ছুটি থাকায় সে তার বোনের সঙ্গে তাদের গাড়িবারান্দার সিঁড়িতে বসে পুতুল খেলছিল এবং পুতুলের বিয়ের আয়োজন করতে ব্যস্ত ছিল। হঠাৎ বৃষ্টি নামায় সেখানে আশ্রয় নেওয়া শিবনাথ পণ্ডিত আশুর সেই পুতুল খেলার কথা জানতে পারেন বলে আশু খুব লজ্জিত হয় এবং তাই সে অন্যদিনের চেয়ে সংকুচিতভাবে ক্লাসে প্রবেশ করে।
১.১৫. “কেবল একটি দেবতার সহিত তাঁহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত,”- কার সহিত কার সাদৃশ্য উপলব্ধি করা যেত?
উত্তর: গল্পকথকরা যখন ছাত্রবৃত্তি ক্লাসের দুই-তিন শ্রেণি নীচে পড়তেন, তখন তাদের এক শিক্ষক ছিলেন শিবনাথ পণ্ডিত। সেই পণ্ডিত ছাত্রদের দৈহিক ও মানসিকভাবে অত্যাচার করতেন বলে তাঁর সঙ্গে যম দেবতার সাদৃশ্য উপলব্ধি করা যেত।
১.১৬. “বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল।”-শিবনাথ পণ্ডিত কোন্ অস্ত্রের দ্বারা বালকদের পীড়ন করতেন?
উত্তর: শিবনাথ পণ্ডিত যখন তখন কিল, চড়, চাপড় দিয়ে ছাত্রদের অত্যাচার করতেন। এছাড়া তিনি ছাত্রদের প্রকৃত নাম বদলে অন্য কোন বিদ্রপাত্মক নামে ডেকে তাদের লজ্জিত করতেন, যা বালকদের পীড়ন করার সামিল।
১.১৭. শিবনাথ পণ্ডিত আশুকে ‘গিন্নি’ নাম দিয়েছিলেন কেন?
উত্তর: গ্রহণের ছুটির দিন আশু তাদের গাড়িবারান্দার সিঁড়িতে বসে তার বোনের সঙ্গে পুতুল খেলছিল ও পুতুলের বিয়ের আয়োজনে ব্যস্ত ছিল। সাধারণত মেয়েরাই পুতুল খেলে এবং শিবনাথ পণ্ডিত আশুকে ঐ খেলা খেলতে দেখেছিলেন বলে তিনি তার নাম ‘গিন্নি’ দিয়েছিলেন।
১.১৮. “সেদিন তাহাদের পুতুলের বিয়ে”- কোন্ দিন কাদের পুতুলের বিয়ে ছিল?
উত্তর: একদিন গ্রহণের জন্য আশুদের স্কুলে ছুটি ছিল। ঐ দিন আশু ও তার বোনের স্য পুতুলের বিয়ে ছিল।
১.১৯. ‘গিন্নি’ গল্পের লেখক কে? তিনি কীসের জন্য বিশ্ববিখ্যাত হয়েছিলেন?
উত্তর: ‘গিন্নি’ গল্পের লেখকের নাম বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদ করে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং বিশ্ববিখ্যাত হন।
১.২০ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যান্য পাঁচটি ছোটগল্পের নাম লেখ।
উত্তর: বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যান্য পাঁচটি ছোটগল্প হল- ‘পোস্টমাস্টার’, ‘ছুটি’, ‘কাবুলিওয়ালা’, ‘গুপ্তধন’ ও ‘বলাই’।
শুধু উত্তর মুখস্থ করলে কেন সমস্যা হতে পারে?
SAQ-এর ক্ষেত্রে একটি ঘটনা থেকেই বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। যেমন—
“বৃষ্টি কেন গুরুত্বপূর্ণ?”
→ শিবনাথের গাড়িবারান্দায় আসার কারণ।
“গিন্নি নামটি কীভাবে এল?”
→ আশুর পুতুল খেলার ঘটনা।
“আশু কেন সংকুচিত?”
→ আগের দিনের ঘটনা শিবনাথ দেখে ফেলেছিলেন।
“আশু কেন কেঁদে ফেলল?”
→ সহপাঠীদের সামনে অপমান ও বিদ্রুপ।
অর্থাৎ একই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের ভাষা বদলে যেতে পারে। তাই শুধু ২০টি উত্তর মুখস্থ না করে ঘটনাগুলির কারণ ও ফলাফল বুঝে পড়াই বেশি কার্যকর।
১ নম্বরের প্রশ্নে Score বাড়ানোর সহজ কৌশল
১ নম্বরের উত্তরে অপ্রয়োজনীয় গল্প লিখবে না। প্রশ্নে যা চাওয়া হয়েছে, প্রথম বাক্যেই তার উত্তর দেওয়ার চেষ্টা করবে।
যেমন:
প্রশ্ন: আশুর নাম ‘গিন্নি’ কে দিয়েছিলেন?
❌ দীর্ঘ উত্তর লিখে শিবনাথের সম্পূর্ণ চরিত্র বর্ণনা করার দরকার নেই।
✅ “শিবনাথ পণ্ডিত আশুর নাম ‘গিন্নি’ দিয়েছিলেন।”
এরপর প্রয়োজন হলে এক লাইনে কারণ যোগ করবে।
মনে রাখার একটি সহজ formula:
কে → কী → কেন → ফল
যেমন ‘গিন্নি’ নামকরণের ক্ষেত্রে—
কে? শিবনাথ পণ্ডিত
কী? আশুর নাম ‘গিন্নি’ রাখেন
কেন? বোনের সঙ্গে পুতুল খেলতে দেখেছিলেন
ফল? আশু সহপাঠীদের কাছে অপমানিত হয়
এই চারটি ধাপ মনে থাকলে প্রশ্নের ভাষা বদলে গেলেও উত্তর তৈরি করা সহজ হবে।
শেষ কথা
উপরে দেওয়া Ginni Golpo SAQ বা গিন্নি গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য অত্যন্ত উপযোগী। নিয়মিত এই প্রশ্নগুলি অনুশীলন করলে গল্পের গুরুত্বপূর্ণ অংশগুলি সহজে মনে রাখা যায় এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
আরও পড়ুন
📖 গিন্নি গল্পের সারাংশ
📖 গিন্নি গল্পের চরিত্র বিশ্লেষণ
📖 গিন্নি গল্পের MCQ
📖 গিন্নি গল্পের ৫ নম্বরের প্রশ্ন ও উত্তর
উত্তর মুখস্থ করার পরিবর্তে প্রতিটি প্রশ্নের সঙ্গে গল্পের ঘটনাটি মিলিয়ে পড়ো। তাতে প্রশ্নের ভাষা সামান্য পরিবর্তিত হলেও নিজের ভাষায় সঠিক উত্তর লিখতে পারবে।

7 Comments