লালু গল্পের SAQ: Important সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | ICSE Class 9 Bengali
লালু গল্পের SAQ ICSE Class 9 Bengali পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘লালু’ গল্প থেকে পরীক্ষায় বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন বা SAQ আসতে পারে। তাই শুধুমাত্র গল্পের সারাংশ পড়লেই হবে না, বরং গল্পের গুরুত্বপূর্ণ ঘটনা, চরিত্র, উক্তির তাৎপর্য এবং গল্পের বিভিন্ন প্রসঙ্গ সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও ভালোভাবে জানা দরকার।
এই পোস্টে লালু গল্পের SAQ-এর জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সহজ ও পরীক্ষোপযোগী ভাষায় দেওয়া হলো। যেসব প্রশ্নের উত্তর পরীক্ষায় অল্প কথায় লিখতে হতে পারে, সেগুলিই এখানে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে। ফলে ICSE Class 9 Bengali-এর ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য এই লালু গল্পের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ব্যবহার করতে পারবে।
এর আগে আমরা ‘লালু’ গল্পের সারাংশ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Part 1 ও Part 2 প্রকাশ করেছি। এই পোস্টটি সেই সিরিজের পরবর্তী অংশ, যেখানে মূলত লালু গল্পের SAQ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
পরীক্ষার টিপস: SAQ-এর উত্তর লেখার সময় অপ্রয়োজনীয়ভাবে বড় উত্তর না লিখে প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করো। তবে যেখানে কারণ বা প্রসঙ্গ জানতে চাওয়া হয়েছে, সেখানে মূল ঘটনাটি ২–৩টি পরিষ্কার বাক্যে উল্লেখ করা ভালো।
লালু গল্পের SAQ: গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (পূর্ণমান ১)
১.১. ‘লালু’ গল্পের রচয়িতার দুটি উপন্যাসের নাম কর।
উত্তর: ‘লালু’ গল্পের রচয়িতা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি উপন্যাস হল- ‘দেনা পাওনা’ ও ‘দত্তা’।
১.২. লালুর বাবা কীভাবে প্রতিষ্ঠিত হন?
উত্তর: ছোট থেকে লালুর বাবার কোনো মাস্টার ছিল না। তিনি নিজের চেষ্টায় অনেক দুঃখ সহ্য করে পড়াশোনা করেন এবং পরে উকিল রূপে প্রতিষ্ঠিত হন।
১.৩. লালুর বাবার কী ইচ্ছা ছিল?
উত্তর: লালুর বাবা কোনো মাস্টার না রেখে নিজের প্রচেষ্টায় ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাঁর ইচ্ছা ছিল, তাঁর ছেলে লালুও তাঁরই মতো বিদ্যা লাভ করে।
১.৪. “সে যাত্রায় লালু পরিত্রাণ পেলে…” কীভাবে লালু পরিত্রাণ পেয়েছিল?
উত্তর: লালুর মা লালুর জন্য মাস্টারের ব্যবস্থা করে তার দুষ্টমি করার সময়টা কমাতে চেয়েছিলেন। কিন্তু লালুর বাবা তাঁর নিজের মতো ছেলেকে শিক্ষা দিতে চেয়েছিলেন বলে তার জন্য কোনো মাস্টার রাখতে রাজি না হওয়ায় লালু সে যাত্রায় পরিত্রাণ পেয়েছিল।
১.৫. লালুর মায়ের গুরুদেবের পরিচয় দাও।
উত্তর: লালুর মায়ের গুরুদেবের নাম মতিরত্ন। তিনি বৃদ্ধ, ফরিদপুরের বাসিন্দা এবং তাঁর অনেক শিষ্য-শিষ্যা আছে।
১.৬. “লালুর মায়ের আনন্দ আর ধরে না” লালুর মায়ের আনন্দ হয়েছিল কেন?
উত্তর: পুরোনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করার পর থেকে লালুর মা তাঁর গুরুদেবকে এনে তাঁর পায়ের ধুলো নিতে চেয়েছিলেন। বহুদিন তাঁর মনের ইচ্ছা পূরণ না হওয়ার পর একবার গুরুদেব কাশী থেকে ফেরার পথে লালুদের বাড়িতে আসার প্রতিজ্ঞা করেন বলে লালুর (লালু গল্পের SAQ) মায়ের আনন্দ হয়েছিল।
১.৭. “তেতলার ঠাকুরঘরে উঠতে নামতে তাঁর কষ্ট হবে।”- কার, কেন তেতলার ঠাকুরঘরে উঠতে নামতে কষ্ট হবে?
উত্তর: লালুর মায়ের গুরুদেব মতিরত্ন বেশ বয়স্ক মানুষ ছিলেন। তাই তেতলার ঠাকুরঘরে উঠতে নামতে তাঁর কষ্ট হবে।
১.৮. লালুর মা কেন নিঃশ্বাস নেওয়ার সময় পান না?
উত্তর: লালুর মায়ের গুরুদেব মতিরত্ন একবার লালুদের বাড়িতে আসার বিষয়টি স্থির করেন। তাই তাঁর জন্য মিষ্টান্নাদি তৈরি, ফুল-ফল সাজানো, বিছানাপত্র সুন্দর করে পরিষ্কার করা, গুরুদেবের আহ্নিকের ব্যবস্থা করা ইত্যাদি কাজ করতে করতে লালুর মা নিঃশ্বাস নেওয়ার সময় পান না।
১.৯. “ছাতটা দেখচি এ-কোণ থেকে ও কোণ পর্যন্ত ফেটে গেছে।” কার, কেন এইরূপ ধারণা হয়েছিল?
উত্তর: লালুর মায়ের গুরুদেব বিছানায় শোওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সুপরিপুষ্ট পেটের ওপর ঠাণ্ডা জল পড়তে থাকে। তিনি ঘরের সব দিকে মশারি সুদ্ধ খাটটিকে সরালেও সেই জল পড়া থেকে নিস্তার না পাওয়ায় তাঁর এইরূপ ধারণা হয়।
১.১০. “দাঁড়াবার জো কি”- কার, কোথায়, কেন দাঁড়াবার জো ছিল না?
উত্তর: ঠান্ডা জলের হাত থেকে বাঁচার জন্য লালুর মায়ের গুরুদেব স্মৃতিরত্ন ঘর ছেড়ে যখন লালুদের বারান্দায় এসে দাঁড়ান, তখন বাইরে ঝোড়ো হাওয়া-সহ প্রবল বৃষ্টি চলছিল। তাই বারান্দায় গুরুদেবের দাঁড়াবার জো ছিল না।

১.১১. গুরুদেবের দু-একটা উদ্গারের আভাস পাওয়া যাচ্ছিল কেন?
উত্তর: অনভ্যস্ত গুরু-ভোজন ও রাত্রি-জাগরণের কারণে গুরুদেবের দু-একটা উদ্গারের আভাস পাওয়া যাচ্ছিল।
১.১২. গুরুদেব কী কী করে মশার আক্রমণ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন?
উত্তর: গুরুদেব হাত-পায়ের নিরন্তর আক্ষেপ ও গামছার সঘন সঞ্চালন করে মশার আক্রমণ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন।
১.১৩. “আপনি এখানে কেন?”- কে, কাকে আলোচ্য প্রশ্নটি করেছিল?
উত্তর: লালুর মা তাঁর গুরুদেব স্মৃতিরত্নকে আলোচ্য প্রশ্নটি করেছিলেন।
১.১৪. গুরুদেব ঘর ছেড়ে বারান্দায় আশ্রয় নিয়েছিলেন কেন?
উত্তর: রাতে শোওয়ার পর গুরুদেবের পেটের ওপর ঠাণ্ডা জল পড়ায় তাঁর ঘুম ভেঙে যায়। তিনি মশারি সমেত খাটটিকে ঘরের বিভিন্ন স্থানে নিয়ে গেলেও জলের হাত থেকে নিস্তার না পেয়ে ছাদ ভেঙে মাথায় পড়ার আশঙ্কায় গুরুদেব ঘর ছেড়ে বারান্দায় আশ্রয় নিয়েছিলেন।
১.১৫. “গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা।”- কার, কেন গায়ের অর্ধেক রক্ত ছিল না?
উত্তর: ছাদ ভেঙে পড়ার ভয়ে লালুর মায়ের গুরুদেব ঘর ছেড়ে বাইরে এলে পঙ্গপালের মতো ডাঁশ-মশা ঝাঁকে ঝাঁকে তাঁকে ধরে ও কামড় দিতে থাকে। তাই তাঁর গায়ের অর্ধেক রক্ত ছিল না।
১.১৬. “ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন…”কে ছুটে গিয়ে বিছানা হাতড়ে বি দেখেন?
উত্তর: লালুর দুষ্টবুদ্ধির কথা মনে পড়ায় লালুর মা ছুটে গিয়ে গুরুদেবের বিছানা হাতড়ে দেখেন বিছানার চাদরের মাঝখানটা অনেকখানি ভেজা এবং মশারি দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। মশারিটা নামিয়ে দেখা গেল সেখানে ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফের কিছুটা বরফ।
আরও পড়ুন
১.১৭. “কী কাণ্ড করচ? হল কি?”-কে, কাকে, কেন আলোচ্য প্রশ্নটি করে?
উত্তর: নির্দোষ গুরুদেবকে অকারণে কষ্ট দেওয়ায় লালুর মা লালুর ওপর খুব রেগে যান এবং সকলকে আদেশ দেন, যেখান থেকে হোক লালুকে মারতে মারতে তাঁর কাছে নিয়ে আসতে। লালুর মায়ের এইরকম চিৎকার চেঁচামেচি শুনে লালুর বাবা লালুর মাকে আলোচ্য প্রশ্নটি করেন।
১.১৮. “এ দস্যি ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো?”- এখানে ‘দস্যি ছেলে’ কে? কে তাকে নিয়ে ঘর করতে রাজি ছিল না?
উত্তর: আলোচ্য অংশে ‘দস্যি ছেলে’ বলতে লালুকে বোঝানো হয়েছে। লালুর মা লালুকে নিয়ে ঘর করতে রাজি ছিলেন না।
১.১৯. মাসিমা কে?
উত্তর: মাসিমা বলতে লালুর মা নন্দরানীর ছোট বোনকে বোঝানো হয়েছে। তিনি অন্য পাড়ায় থাকেন ও তাঁর স্বামীও লালুর বাবার মতো উকিল।
১.২০. লালু কতদিন তাদের বাড়ির ত্রিসীমানায় পা রাখেনি?
উত্তর: মায়ের গুরুদেবকে অকারণে নাকাল করায় লালু মায়ের শাস্তির ভয়ে বাড়ি ছেড়ে চলে যায়। সে দিন-পনেরো আর তাদের বাড়ির ত্রিসীমানায় পা রাখেনি।
লালু গল্পের SAQ
‘লালু’ গল্পের পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে সম্পূর্ণ করতে আমাদের লালু গল্পের সারাংশ, লালু গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর Part 1 এবং Part 2-ও পড়ে নাও। SAQ-এর পাশাপাশি বড় প্রশ্নের প্রস্তুতির জন্য এই পোস্টগুলিও তোমার কাজে আসবে।
ICSE Class 9 Bengali-এর আরও গল্প, কবিতা, ব্যাকরণ, SAQ, MCQ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের জন্য Bengali Notes-এর সঙ্গে থাকো। পরীক্ষার আগে নিয়মিত রিভিশন করো এবং প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ভালোভাবে অনুশীলন করো।
আমাদের সব নোটসের দ্রুত আপডেট, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, নোটসের পিডিএফ পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলে। সঙ্গে থাকবে ফাইনাল পরীক্ষার আগে অনলাইন মকটেস্টের সুবিধাও।
