‘সভ্যতার প্রতি’ কবিতার সারাংশ, ব্যাখ্যা ও নামকরণের সার্থকতা | ICSE Class 9 Bengali
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার প্রতি’ কবিতা ICSE Class 9 Bengali সিলেবাসের অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। পরীক্ষায় ‘সভ্যতার প্রতি কবিতার সারাংশ’, ‘ব্যাখ্যা’, ‘শব্দার্থ ও টীকা’, ‘কবিতার প্রেক্ষাপট’, ‘নামকরণের সার্থকতা’ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাই এই নিবন্ধে সহজ ও ছাত্রবান্ধব ভাষায় ‘সভ্যতার প্রতি’ কবিতার সম্পূর্ণ আলোচনা এক জায়গায় সাজিয়ে দেওয়া হয়েছে। প্রথমে সারাংশ, তারপর ব্যাখ্যা, শব্দার্থ ও টীকা, কবিতার প্রেক্ষাপট এবং শেষে নামকরণের সার্থকতা আলোচনা করা হয়েছে, যাতে পরীক্ষার প্রস্তুতি নেওয়া আরও সহজ হয়।
‘সভ্যতার প্রতি’ কবিতার সারাংশ, ব্যাখ্যা
যন্ত্রভ্যতার প্রসারের সঙ্গে সঙ্গে প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য ক্রমশই সঙ্কুচিত হয়ে যাচ্ছে। মানুষ নগর গড়ে তোলার তাগিদে একের পর এক গাছ কেটে প্রকৃতিকে ক্রমশ ধ্বংস করে ফেলছে। হারিয়ে যাচ্ছে সবুজের আস্তরণ। এটাই আধুনিক সভ্যতার সবচেয়ে অন্ধকার দিক। মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে তাই আরণ্যক সভ্যতাও ক্রমশ হারিয়ে যেতে বসেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে খুব ভালবাসেন। তাই প্রকৃতির ধ্বংস তিনি মন থেকে মেনে নিতে পারেননি। তিনি সভ্যতার কাছে আবেদন জানিয়েছেন।
তিনি চান লোহা, কাঠ, পাথর দিয়ে গড়া আবর্জনাপূর্ণ সভ্যতার বদলে প্রাচীন আরণ্যক সভ্যতার অভ্যুদয় ঘটুক। প্রাচীন আরণ্যক সভ্যতা যেমন তপোবন কেন্দ্রিক ও পবিত্র ছায়া সমাচ্ছন্ন সরল অনাড়ম্বর ছিল, তেমন জীবন কবি ফিরে পেতে চান। তাঁর মনে হয়, আজকের নিষ্ঠুর সর্বগ্রাসী সভ্যতার থেকে আরণ্যক সভ্যতা অনেক ভাল ছিল। অপোবনভিত্তিক সভ্যতায় ছিল গাছের স্নিগ্ধ ছায়ার স্নেহস্পর্শ, সন্ধ্যায় নদীর জলে স্নান করার স্নিগ্ধতা, রাখালের গোচারণ, শান্ত সামবেদের গান, নীবার ধানের ছড়াছড়ি, গাছের বাকল পরিহিত নরনারী, তাদের আত্মমগ্নতা-পারস্পরিক সমাজবদ্ধতা ও আদর্শনিষ্ঠ জীবন।
আজকের এই ইট, কাঠ, পাথর সমন্বিত আধুনিক সভ্যতা কবির কাছে কাম্য নয়। এমনকি পরাধীন দেশের কবি নিরাপদ রাজভোগের চেয়ে স্বাধীনতাকে শ্রেয় বলে মনে করেন এবং তাকেই লাভ করতে চান। পাখী যেমন তার দুটি ডানা মেলে স্বাধীনভাবে আকাশে ওড়ার স্বপ্ন দেখে, কবিও তেমনি মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। সব বাধাকে হেলায় তুচ্ছ করে প্রাণের স্পর্শের মধ্যে কবি জগতের হৃদস্পন্দনকে অনুভব করতে চান। তাই আধুনিক সভ্যতার বদলে প্রাচীন আরণ্যক তপোবনকেন্দ্রিক সভ্যতাকে কবি একান্ত কাম্য বলে মনে করেন।
‘সভ্যতার প্রতি’ কবিতার শব্দার্থ
অরণ্য: বন, জঙ্গল। লোষ্ট্র: জঞ্জাল। লও: নাও। কাষ্ঠ: কাঠ। লৌহ: লোহা। প্রস্তর: পাথর। নব: নতুন। নিষ্ঠুর: নির্মম, দয়াহীন। সভ্যতা: পরিশীলিত রূপ। সর্বগ্রাসী: সবকিছুকে গ্রাস করে যে। তপোবন: তপস্বীরা যে বনে বাস করে। পুণ্য: পবিত্র। গ্লানিহীন: মালিন্যমুক্ত। সন্ধ্যাস্নান: সূর্যাস্তের সময় স্নান। গোচারণ: গরু চরানো। শান্ত: নিস্তব্ধ। সামগান: সামবেদের দেবতার স্তব বিষয়ক সঙ্গীত। ধান্য: ধান। বল্কল: গাছের ছাল। বসন: পোশাক। আত্মমাঝে: নিজের মধ্যে। নিত্য: রোজ। আলোচনা: ভাব বিনিময়। মহাতত্ত্ব: প্রধান আলোচ্য বিষয়। পাষাণ: পাথর। পিঞ্জর: খাঁচা। তব: তোমার। রাজভোগ: রাজার খাদ্য। পক্ষ: ডানা। বিস্তার: মেলে দেওয়া। শক্তি: সামর্থ্য। আপনার: নিজের। পরানে: প্রাণে। স্পর্শিতে: ছুঁতে। বন্ধন: বাঁধন। অনন্ত: শেষ নেই যার। নিরাপদ: সুরক্ষিত। হৃদয়স্পন্দন: মনের চলন।

‘সভ্যতার প্রতি’ কবিতার টীকা
১. তপোবন: মুনি-ঋষিরা এবং তাঁদের পত্নীরা তপোবনে আশ্রম নির্মাণ করে ধর্মচর্চা ও শাস্ত্রপাঠে নিমগ্ন থাকতেন। অনেক শিক্ষার্থীও তপোবনের আশ্রমে থেকে গুরুর কাছে বিদ্যাশিক্ষা লাভ করত।
২. গোচারণ: ‘গোচারণ’ কথাটির অর্থ গোরু চরানো। রাখাল বালকেরা মাঠে গোরু নিয়ে গোচারণ করতে যায়। প্রাচীনকালে তপোবনে ছাত্ররা গুরুগৃহে থাকাকালীন বিদ্যাশিক্ষা লাভ ছাড়াও জমির ফসল দেখাশোনা করত এবং গোচারণও করত।
Ginni Golpo Class 9 Summary: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গিন্নি’ গল্পের সহজ সারসংক্ষেপ
৩. পুণ্যচ্ছায়ারাশি: অরণ্যসভ্যতার প্রাণ ছিল বৃক্ষ বা গাছপালা। বৃক্ষের ফল আর কাঠের সাহায্যে মানুষ জীবন ধারণ করত। বৃক্ষ ফুল দান করে মানুষের পূজার সামগ্রী আর মনের আনন্দ জোগাত। তাই বৃক্ষের দল মানুষের কাছে পূজনীয় ছিল। এর ছায়াও তাই মানুষের কাছে পবিত্র ছিল। এ ছাড়া বৃক্ষের ছায়া বড়ো মনোরম। তার ছায়া মানুষের শরীর-মন জুড়িয়ে দেয়। তপোবনে এই বৃক্ষছায়ায় বসেই শাস্ত্রচর্চা আর শিক্ষাদান চলত। এই কারণেই বৃক্ষের ছায়া অত্যন্ত পুণ্য বা পবিত্র বলে কবির কাছে বিবেচিত হয়েছে।
৪. সামগান: বৈদিক সাহিত্যে চারটি বেদের কথা বলা হয়েছে। এই চারটি বেদ হল-ঋক্, সাম, যজুঃ ও অথর্ব। সামবেদের গানগুলি খুব শ্রুতিমধুর। তপোবনে মুনি-ঋষিরা সামগান করতেন এবং সেইসঙ্গে শিক্ষার্থীরাও সামগান করত।
৫. বল্কলবসন: বল্কলবসন হল গাছের ছালের আচ্ছাদন। আদিম যুগের গুহাবাসী মানুষ সভ্য হওয়ার সঙ্গে সঙ্গে গাছের ছাল পরতে থাকে। তপোবনে শিক্ষার্থীরা গুরুগৃহে থাকাকালীন গাছের ছাল পরিধান করত।
৬. মহাতত্ত্ব: মহাতত্ত্ব হল ধর্মীয় বা শাস্ত্রীয় কথা। এই মহাতত্ত্বগুলি শ্রবণ করলে মন ও শরীর উৎফুল্ল থাকে, মানুষ জীবন এবং বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে অনেক জ্ঞান লাভ করে।

Sobhyotar Proti Summary: কবিতার প্রেক্ষাপট
বিশ্বকবি রবীন্দ্রনাথের ‘চৈতালি’ কাব্যগ্রন্থের সনেটগুলি অনবদ্য। তাঁর পরিণত কাব্যগ্রন্থ ‘চৈতালি’। ‘চৈতালি’ শব্দের অর্থ হল চৈত্র মাসের ফসল। এই পর্বের শেষ ফসল কবি তুলেছেন এই কাব্যে। প্রাচীন ভারতকে নানারূপে আবিষ্কারের আভাস এই ‘সভ্যতার প্রতি’ কবিতায় আছে। এরই মধ্যে কবি তাঁর পরবর্তী কাব্যরূপের বীজও বপন করেছেন। সুতরাং শেষ ফসল, ফসলের শেষ নয়, নতুন ফসলেরই সম্ভাবনা। পরিণত কবি এখানে জীবনকে অচঞ্চল আগ্রহে, সৌন্দর্যের স্নিগ্ধভাবে শান্ত হৃদয়ে শুধু আকণ্ঠ পান করতে চেয়েছেন।
Ginni Golpo Character Analysis: শিবনাথ পণ্ডিত ও আশুর চরিত্র বিশ্লেষণ | ICSE Class 9 Bengali
‘সভ্যতার প্রতি’ কবিতার নামকরণের সার্থকতা
কবিতার নামকরণের সময় কবি নানা ধরনের পদ্ধতি অবলম্বন করেন। কখনও কেন্দ্রীয় বা প্রধান চরিত্রের নামানুসারে, কখনও ভৌগোলিক পরিবেশ বা স্থানের নামানুসারে, কখনও সহজসরল পদ্ধতি অনুসারে, কখনও-বা রূপকের আশ্রয় নিয়ে ব্যঞ্জনধর্মী নামকরণ করেন। অনেকে নামকরণকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন, “নামকে যাঁরা নিছক নাম বলে মনে করেন, তাঁদের দলে আমি নই।” সুতরাং, নামকরণের ওপর রচনার সার্থকতা অনেকাংশে নির্ভর করে।
কবি রবীন্দ্রনাথ তাঁর ‘চৈতালি’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘সভ্যতার প্রতি’ কবিতায় নগর সভ্যতা ফিরিয়ে নেওয়ার কথা ও আরণ্যক সভ্যতা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। নগর সভ্যতার লোহা-কাঠ-পাথর সব কিছুকে তিনি ফিরিয়ে নিতে বলেছেন। আধুনিক নগর সভ্যতা নিষ্ঠুর ও সর্বগ্রাসী, তপোবনের পবিত্র ছায়া ও গ্লানিহীন দিনগুলি এই বর্তমান সভ্যতার চেয়ে অনেক ভালো। সেখানকার সন্ধ্যাস্নান, গোচারণভূমি, গুরুগৃহে বসবাসকারী ছাত্রদের সমবেতসুরে সামবেদ পাঠ করা, উড়িধানের মুঠি, গাছের ছালের বসন, গুরুর মহাতত্ত্বগুলি প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা-এই হল সেই প্রাচীন অরণ্য সভ্যতা।

কবি এই আধুনিক প্রাণহীন নাগরিক সভ্যতার পাষাণ-পিঞ্জরে বন্দি হয়ে থাকতে চান না, নতুন আনন্দদায়ক ও সুখদায়ক জীবনও চান না। তাই তিনি ব্যাকুলভাবে বলেছেন- “চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার”। এই নাগরিক সভ্যতার বন্ধন ছিঁড়ে অনন্ত জগতের হৃদয়স্পন্দন তিনি পেতে চান। সমগ্র কবিতাটি পড়লে দেখা যায়, কবি রবীন্দ্রনাথ প্রাচীন তপোবন সভ্যতা ও আধুনিক প্রাণহীন নাগরিক সভ্যতার কথা বলেছেন। দেখা যাচ্ছে, কবি রবীন্দ্রনাথ প্রাচীন তপোবনকেন্দ্রিক সভ্যতার চেয়ে আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতার প্রতি অধিক গুরুত্ব আরোগ করেছেন। সেদিক থেকে ‘সভ্যতার প্রতি’ নামকরণটি সার্থক হয়েছে।
Ginni Golpo SAQ 2026: ‘গিন্নি’ গল্পের ২০টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | ICSE Class 9 Bengali
আশা করি ‘সভ্যতার প্রতি’ কবিতার সারাংশ, ব্যাখ্যা, শব্দার্থ, টীকা, প্রেক্ষাপট এবং নামকরণের সার্থকতা সহজভাবে বুঝতে পেরেছ। এই নোটস ICSE Class 9 Bengali পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত সহায়ক হবে।
‘সভ্যতার প্রতি’ কবিতার সারাংশ, ব্যাখ্যা ও নামকরণের সার্থকতা PDF Download (ক্লিক করুন)
পরবর্তী পোস্টগুলিতে আমরা ‘সভ্যতার প্রতি’ কবিতার গুরুত্বপূর্ণ ৫ নম্বরের প্রশ্নোত্তর, MCQ এবং SAQ আলাদাভাবে বিস্তারিতভাবে প্রকাশ করব। তাই BengaliNotes.in নিয়মিত ভিজিট করো এবং এই পেজটি বুকমার্ক করে রাখো, যাতে পরীক্ষার আগে এক জায়গা থেকেই সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া যায়।

3 Comments